শিক্ষার্থী আন্দোলনে বাড়ছে চুয়েটের সংকট; জনদূর্ভোগ বিবেচনায় আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

চুয়েট সংকট নিরসনে কাপ্তাই সড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • উপাচার্য নিয়োগ নিয়ে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • আধা ঘণ্টা পর জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ প্রত্যাহার
  • শিক্ষক সমিতিও চায় চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ

চুয়েট সংকট নিরসনে কাপ্তাই সড়ক অবরোধ শিক্ষার্থীদের
২৭ নভেম্বর, ২০২৬ ১৭:০৯  

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন তাঁরা।

একই দিনে চুয়েট শিক্ষক সমিতিও বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে নিজস্ব অবস্থান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবিতে আগামী রোববার (২৯ নভেম্বর) মৌন মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচিতে সমর্থন না করার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষক সমিতি।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষার্থীরা

শুক্রবার বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছিল শিক্ষার্থীদের। পরে সেখান থেকে একত্র হয়ে তাঁরা মূল ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাঁরা চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, “আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই।”

তিনি বলেন, এত দিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ বা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নেননি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করবেন না। অধ্যাপক শরীফুল আলমকে তাঁরা উপাচার্য হিসেবে চান না। তাঁর পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দিলেই সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন তাঁরা।

আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা কাপ্তাই সড়কে অবস্থান করার পর জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

শিক্ষক সমিতির অবস্থানও চুয়েট থেকে উপাচার্য নিয়োগের পক্ষে

এর আগে শুক্রবার সকালে চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের (২০২৬-২৭) এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।

সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দাবিতে আগামী রোববার সকাল ১১টায় প্রশাসনিক ভবন-২-এর সামনে থেকে মৌন মিছিল বের করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচিতে শিক্ষক সমিতি সমর্থন করে না।

উপাচার্য নিয়োগ ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থা

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। ওই সময় শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।

দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হয়। তবে সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ২৬ নভেম্বর থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি এবং শিক্ষক সমিতির পৃথক কর্মসূচি—সব মিলিয়ে চুয়েটের সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা আরও সামনে এসেছে।

//ডিবিটেক/রাকিব হাসান/এমআইএসটি/এসএমপি/