যুদ্ধে প্রযুক্তি কোম্পানির ক্রমবর্ধমান ভূমিকা
ফিলিস্তিনে নজরদারি ও যুদ্ধে প্রযুক্তির ভূমিকা
- প্যালান্টির, মাইক্রোসফট, গুগল ও অ্যামাজনকে ঘিরে অভিযোগ
- প্রজেক্ট নিম্বাসের আওতায় ১২০ কোটি ডলারের চুক্তি
- প্রযুক্তি ব্যবহারে নজরদারি ও মানবাধিকার প্রশ্ন সামনে
ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান ও নজরদারিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্যালান্টিরের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সহযোগিতা, মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডে ফিলিস্তিনিদের বিপুল পরিমাণ কথোপকথন সংরক্ষণের অভিযোগ এবং গুগল-অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহের বিষয়টি এ বিতর্কের কেন্দ্রে রয়েছে। একই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের কর্মসম্পর্ক নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংক্রান্ত মিশনে’ সহযোগিতার জন্য একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে। অন্যদিকে, মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহার করে ফিলিস্তিনিদের ফোনে আড়িপেতে সংগ্রহ করা বিপুল পরিমাণ কথোপকথন সংরক্ষণের অভিযোগ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য ইসরায়েলি সামরিক বাহিনীকে প্রাণঘাতী বিমান হামলার নির্দেশনা দিতেও সহায়তা করেছে।
গুগল ও অ্যামাজনের বিরুদ্ধেও ইসরায়েলি সামরিক বাহিনীকে উন্নত মুখ শনাক্তকরণ প্রযুক্তি ও এআই সক্ষমতা সরবরাহের অভিযোগ রয়েছে। ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি ইসরায়েলকে এসব প্রযুক্তি ও ক্লাউড সেবা দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ইসরায়েলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দেশটির অর্থনীতিবিদেরা প্রতিষ্ঠানটির কর পরিশোধকে ইসরায়েলের বাজেট ঘাটতি কমাতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।
ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ৭আমলেহর (7amleh) জালাল আবুখাতেরের ভাষ্য, ফিলিস্তিনিদের জীবনে নজরদারি এখন প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, পূর্ব জেরুজালেম কিংবা হেবরনে অবস্থান করলে মানুষের ছবি তোলা হচ্ছে। এমনকি দৌড়ানোর ট্র্যাকে যাওয়ার পথেও চেকপোস্ট কিংবা রাস্তার পাশের ক্যামেরায় বারবার ছবি ধারণ করা হয়।
আবুখাতেরের মতে, অ্যামাজনে আপলোড করা ৩৫ লাখ ছবি নজরদারির প্রকৃত ব্যাপ্তির তুলনায় খুবই সামান্য। কারণ ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তোলা হচ্ছে এবং সেসব ছবি এমন সব ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে, যেগুলো সম্পর্কে তাঁরা জানেন না। কেন এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা নেই।
যুদ্ধের সঙ্গে সিলিকন ভ্যালির ঘনিষ্ঠতা বাড়ছে
সাম্প্রতিক বছরগুলোতে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক অবস্থানে ডানপন্থার দিকে ঝোঁক বাড়ার পাশাপাশি ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থনও বেড়েছে।
বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালে প্যালান্টির দেশটির প্রতি সমর্থন জানাতে দ্বিধা করেনি। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ তাঁর প্রতিবেদনে বলেন, ইসরায়েলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক পুলিশিং প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে প্যালান্টির—এমন বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে।
আলবানিজ আরও বলেন, যথাযথ যাচাই-বাছাই করা হলে প্যালান্টিরের মতো প্রযুক্তি কোম্পানিগুলো অনেক আগেই ইসরায়েল থেকে ব্যবসা গুটিয়ে নিত।
২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার ইসরায়েলের গাজা হামলায় প্যালান্টিরের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করে। তবে প্যালান্টির যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘ল্যাভেন্ডার’ ও ‘গসপেল’ নামের এআই-সহায়ক লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা তৈরির অভিযোগও নাকচ করেছে প্রতিষ্ঠানটি।
করপোরেট প্রতিষ্ঠানগুলোর যুদ্ধসংশ্লিষ্টতা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন ইন্টেলের দাবি, প্যালান্টিরের সফটওয়্যার ইসরায়েলি সামরিক বাহিনীর এমন একটি ব্যবস্থার সঙ্গে যুক্ত, যেখানে আড়িপাতা যোগাযোগ, স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য একত্র করে সামরিক হামলার লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করা হয়।
ফিলিস্তিনিদের ওপর সামরিক অভিযান ও নজরদারিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পৃক্ততার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে প্রজেক্ট নিম্বাস। আলবানিজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির ক্লাউড ও এআই অবকাঠামোর ওপর চাপ বাড়লে অ্যামাজন ও গুগল সহায়তা দিতে এগিয়ে আসে।
ইসরায়েলি সামরিক বাহিনীতে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ
ইসরায়েলি সামরিক কার্যক্রমে ওপেনএআইয়ের তৈরি এআই মডেল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ফাঁস হওয়া নথিতে দেখা যায়, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্টে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর এই মডেল ব্যবহারের পরিমাণ ২০ গুণ বেড়ে যায় বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে আল জাজিরাকে দেওয়া বিবৃতিতে ওপেনএআই বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই।
প্রতিষ্ঠানটি জানায়, অ্যাজুরের মাধ্যমে মাইক্রোসফট কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, তা তারা নিয়ন্ত্রণ করে না। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে সেটি জাতীয় নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য কঠোর প্রক্রিয়া রয়েছে।
মার্কিন প্রযুক্তি কোম্পানিতে ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের উপস্থিতি
যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর সম্পর্ক শুধু প্রযুক্তি সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এসব কোম্পানিতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার যুদ্ধ ইউনিট ৮২০০-এর সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতি নিয়েও বিশ্লেষকেরা প্রশ্ন তুলেছেন।
২০২৫ সালে ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের একটি তথ্যভান্ডারের কথা উল্লেখ করা হয়। ওই তথ্যভান্ডার অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ সদস্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোতে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সদস্য। মাইক্রোসফটে প্রায় ২৫০ জন রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলেও তাঁদের অনেকে কাজ করছেন।
প্রযুক্তি কোম্পানিগুলোতে সামরিক গোয়েন্দা সদস্যদের এমন উপস্থিতি সম্ভাব্য স্বার্থের সংঘাত তৈরি করছে বলে উদ্বেগ রয়েছে। বিশেষ করে মাইক্রোসফটের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছিল যে ইসরায়েলে কর্মরত কিছু কর্মী স্পষ্টভাবে জানতেন না, ইউনিট ৮২০০ কীভাবে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করছে।
দ্য গার্ডিয়ান চলতি বছরের শুরুতে জানায়, মাইক্রোসফটের একটি তদন্তে উঠে এসেছে—ইসরায়েলে কর্মরত কিছু কর্মী কোম্পানির প্রতি আনুগত্য ও ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতি আনুগত্যের মধ্যে দ্বন্দ্ব অনুভব করছিলেন।
ফিলিস্তিনের পক্ষে প্রযুক্তি নিয়ে কাজ করা সংগঠন টেক ফর প্যালেস্টাইনের অন্যতম প্রতিষ্ঠাতা পল বিগার বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন স্তরে রয়েছেন।
তাঁর ভাষ্য, ইসরায়েলি কর্মীদের প্রায়ই উচ্চপর্যায়ের পদে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁরা একই ধরনের প্রযুক্তি ও গোয়েন্দা পটভূমির লোকজনকে নিয়োগ দেন। এতে কোম্পানির ভেতরে তাঁদের আগের ইউনিটের সঙ্গে সম্পর্কিত একটি সংস্কৃতি তৈরি হয়।
বিগার আরও বলেন, এসব ব্যক্তি গোয়েন্দা কর্মকর্তা। তাঁদের প্রথম লক্ষ্য হলো ইউনিট ৮২০০ থেকে আরও বেশি লোককে নিয়ে আসা, যাতে প্রতিষ্ঠানের ওপর তাঁদের প্রভাব বাড়ে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ইসরায়েলি প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়টিও রয়েছে।
নজরদারির ব্যাপ্তি কতটা, জানে না কেউ
প্রজেক্ট নিম্বাসের ১২০ কোটি ডলারের চুক্তির বাইরে ইসরায়েল ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে ব্যবসার মোট পরিমাণ কত, তা নির্দিষ্ট করে জানা কঠিন। তবে অর্থের পরিমাণ যা-ই হোক, ইসরায়েলি সামরিক সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত শক্তির সমন্বয়ে ফিলিস্তিনিরা বিশ্বের সবচেয়ে নিবিড় নজরদারির আওতায় থাকা জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
জালাল আবুখাতের বলেন, তিনি ভাগ্যবান যে এখনো নিরাপত্তা বাহিনীর হাতে আটক হননি। তবে তাঁর কাছের মানুষদের আটক করার পর তাঁদের সামনে জীবনের বিভিন্ন গতিবিধির তথ্য তুলে ধরা হয়েছে। ফোনের অবস্থান শনাক্তকরণ ও নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে কোথায় গেছেন, কতক্ষণ ছিলেন—এসব তথ্য দেখানো হয়েছে।
তিনি বলেন, “আমরা এর অর্ধেকও জানি না।” ২০২৫ সালে মাইক্রোসফটের ভূমিকা প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসে থাকা একটি সার্ভারে সংরক্ষিত ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের কথা প্রকাশ করেছিল। সেটি ছিল মাত্র একটি সার্ভার। অন্য প্রতিষ্ঠানগুলো কী তথ্য সংরক্ষণ করছে এবং এসব কোম্পানি কীভাবে সেগুলো প্রক্রিয়াজাত করছে, তা জানা কঠিন।
অভিযোগের জবাবে যা বলছে প্রযুক্তি কোম্পানিগুলো
মাইক্রোসফটের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক মানুষের ওপর ব্যাপক নজরদারি করছে—এমন অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটি তদন্ত করেছে। জুনে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নজরদারি ও জবাবদিহি জোরদার করতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।
মুখপাত্র আরও বলেন, কোনো কর্মী কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে প্রযুক্তি তৈরি বা ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানাতে চাইলে মাইক্রোসফটের ইন্টিগ্রিটি পোর্টালের মাধ্যমে বেনামে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে।
অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের গোপনীয়তাকে সম্মান করে এবং গ্রাহকের অনুমতি ছাড়া তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে না। গ্রাহকেরা কী ধরনের কাজ বা তথ্য তাদের ক্লাউডে রাখছেন, সে বিষয়ে প্রতিষ্ঠানটির সরাসরি নজরদারি নেই।
তিনি আরও বলেন, গ্রাহকেরা নিয়মিত তাঁদের কার্যালয়ে এসে আলোচনা ও ব্রিফিং করেন। এসব সফরকে স্বাভাবিক গ্রাহক যোগাযোগের বাইরে অন্য কোনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার অভিযোগ ভুল ও ভিত্তিহীন।
ওপেনএআইও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। মাইক্রোসফট অ্যাজুরের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে, তা ওপেনএআই নিয়ন্ত্রণ করে না। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছে তাদের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এলে তা জাতীয় নিরাপত্তা নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সে বিষয়ে কঠোর যাচাই করা হয়।
তবে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলি সামরিক বাহিনী আল জাজিরার মন্তব্য চাওয়ার অনুরোধে সাড়া দেয়নি।
সূত্রঃ আল জাজিরা
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





