ভিয়েনায় তরুণ রোবট উদ্ভাবকদের লড়াই
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল
- ১২–১৬ জানুয়ারি ২০২৭ ভিয়েনায় বসবে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড
- আট শিক্ষার্থী নিয়ে গঠিত বাংলাদেশ দলের উচ্চতর প্রশিক্ষণ চলছে
- আট বছরে আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অর্জন ৯৪টি পদক
রোবটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের আট সদস্যের শিক্ষার্থী দল। প্রতিযোগিতাকে সামনে রেখে বর্তমানে দলের সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ চলছে।
আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি ২০২৭ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হবে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে অনুষ্ঠিত বাছাই ও দল নির্বাচনী কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল গঠন করা হয়েছে।
বাছাই ও জাতীয় প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী
গত ২৯ ও ৩০ আগস্ট অনলাইনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্ব আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী জাতীয় পর্বে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীরা মোট তিনটি স্বর্ণ, সাতটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এ ছাড়া তিনজন শিক্ষার্থী কারিগরি পদক লাভ করে।
জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে ১৮ ও ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হয়। শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। বর্তমানে নির্বাচিত শিক্ষার্থীদের উচ্চতর প্রশিক্ষণ চলছে।
বাংলাদেশ দলের আট শিক্ষার্থী
২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আট শিক্ষার্থী। তারা হলেন—মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মুয়াজ ইবনে বাশার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নুসাইবা তাজরিন তানিশা, সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা।
দলের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবটিক্স কোচ মিশাল ইসলাম। দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ এ মুনির হাসান।
এ ছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণ করবেন।
সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগী প্রতিষ্ঠান
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পৃষ্ঠপোষকতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরিতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬-এর জাতীয় পর্বের আয়োজক ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং আয়োজক প্রতিষ্ঠান হিসেবে ভেন্যু সহযোগিতা দিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
এবারের আয়োজনে গোল্ড স্পনসর ছিল উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পনসর ছিল আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড।
এ ছাড়া সহযোগী হিসেবে ছিল যমুনা টিভি, ইউএপি রোবোটিকস ক্লাব, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, ক্লাউড নাম্বার ২৪ ও রকমারি ডটকম।
আট বছরে বাংলাদেশের ৯৪ পদক
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে বাংলাদেশ দল। গত আট বছরে এ প্রতিযোগিতা থেকে বাংলাদেশের তরুণরা ১৫টি স্বর্ণপদকসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।
//ডিবিটেক//এসসিডিই/এফওইডি//





