বাংলাদেশে উবারের ১০ বছর, ২১ কোটি ট্রিপ
- এক দশকে উবারের ট্রিপ ২১ কোটি ছাড়িয়েছে
- চালকসহ ৪ লাখ ৭০ হাজার মানুষের আয় হয়েছে
- ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটে সেবা বিস্তৃত
বাংলাদেশে কার্যক্রমের ১০ বছর পূর্ণ করেছে উবার। ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি এ পর্যন্ত ৯০ লাখ ৪০ হাজার যাত্রীকে ২১ কোটি ২৬ লাখ ট্রিপের সেবা দিয়েছে। এসব যাত্রায় অতিক্রম করা হয়েছে ১৮৩ কোটি কিলোমিটারের বেশি পথ। বর্তমানে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
২৩ নভেম্বর, সোমবার ঢাকায় ‘Future of Mobility in Bangladesh: The Next 10 Years’ শীর্ষক আয়োজনে দশকপূর্তি উদযাপন করে উবার। অনুষ্ঠানে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।
এক দশকে গাড়ি, বাইক ও সিএনজি রাইড, আন্তনগর যাত্রা, ভাড়া এবং পার্সেল সরবরাহসহ বিভিন্ন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে ৪ লাখ ৭০ হাজার মানুষ আয়ের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী হাবিবুর রশীদ।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, আগামী দশকে যাতায়াত আরও সহজ ও নির্ভরযোগ্য করার পাশাপাশি প্ল্যাটফর্মের মাধ্যমে আয়ের সুযোগ বাড়াতে কাজ করবে প্রতিষ্ঠানটি।
নিরাপদ যাত্রায় ডকুমেন্ট যাচাই, ভেরিফাই মাই রাইড, ভ্রমণ বিমা, শেয়ার মাই ট্রিপ, রাইডচেক, অভিযোগ জানানোর ব্যবস্থা ও নিরাপত্তা হটলাইন রয়েছে উবারের। বাইকযাত্রায় হেলমেট বিতরণ ও নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হচ্ছে।
দশকপূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ থিমে মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে পটচিত্র আঁকার উদ্যোগ নেওয়া হয়। শিল্পী টাইগার নাজিরের নেতৃত্বে তরুণ শিল্পী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। এতে সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ঢাকা গড়ার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ‘Moving Bangladesh Forward: Mobility and Livelihoods in the Next Decade’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান এবং ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ সেবা বিভাগের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।
//ডিবিটেক/ইএইচআর/ডিআরই/এফওইড//





