ভিউ ছাড়াল ৮০ লাখ
ইনস্টাগ্রাম আসক্ত গ্রাম
- ইউটিউবে মুক্তি পেয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ফিল্ম
- কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও নাজনীন নীহা
- ভুয়া আইডি খুলে তারকার সঙ্গে চ্যাটের অভিনব গল্প
শহুরে তরুণী সাবিহা গ্রামে এসে অবাক হয়ে দেখে, সেখানকার শিশু থেকে বৃদ্ধ- সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে। এমনকি ঝালমুড়ি বিক্রেতা থেকে শুরু করে সবাই নিজেদের প্রিয় তারকা রণবীর সিং, মাধুরী দীক্ষিত কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নিয়মিত চ্যাট করেন। অদ্ভুত এই গল্প নিয়ে নির্মিত ইউটিউব ফিল্ম ‘ইনস্টাগ্রাম’ গত ১৪ নভেম্বর সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ৮০ লাখ ভিউ ছাড়িয়েছে। মাসুদুল হাসানের ভাবনায় গল্পটি লিখেছেন সিদ্দিক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।
ফিল্মটির কেন্দ্রীয় চরিত্র সালেকের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। তিনি গ্রামের মানুষদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়ে বিনিময়ে টাকা নেন এবং ফেইক আইডি থেকে তাদের প্রিয় তারকা সেজে চ্যাটিং করেন। শহর থেকে বেড়াতে আসা সাবিহা চরিত্রে অভিনয় করা নাজনীন নীহার মাধ্যমে এই গোমর ফাঁস হয়ে যায়।
তবে পরবর্তীতে উন্মোচিত হয় যে সালেক মূলত সবার ভালোর জন্যই এই অভিনব কাজটি করে আসছিলেন। হাস্যরসের মধ্য দিয়ে এগোলেও গল্প শেষে সমাজের মঙ্গল ও মানুষে মানুষে সৌহার্দ্যের গভীর বার্তা দেওয়া হয়েছে।
ফিল্মটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, রোজী সিদ্দিকী, মাহমুদুল হাসান মিঠু, ইসরাত অতিথি, এমএনইউ রাজুসহ অনেকে।
//ডিবিটেক/ডিপিওআর/এমআইএসটি/এমভিএনও//





