জার্মান স্টুডেন্ট ভিসায় ডিজিটাল রূপান্তর

জার্মান স্টুডেন্ট ভিসার অপেক্ষমাণ তালিকা বাতিল, আবেদন অনলাইনে

  • জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার পোর্টালে গৃহীত হবে ভিসা আবেদন
  • পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল; নতুন-পুরোনো সবাইকে পুনরায় আবেদন করতে হবে
  • ভিএফএসের মাধ্যমে প্রাথমিক যাচাই শেষে কম সময়ে সম্পন্ন হবে বায়োমেট্রিক প্রক্রিয়া

জার্মান স্টুডেন্ট ভিসার অপেক্ষমাণ তালিকা বাতিল, আবেদন অনলাইনে
১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৫১  

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যাত্রা সহজ করতে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে ডিজিটাল কনস্যুলার সার্ভিস পোর্টালের মাধ্যমে জাতীয় ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে জার্মানি। এই প্রযুক্তিগত রূপান্তরের অংশ হিসেবে স্টুডেন্ট ভিসার পুরোনো অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

১৫ নভেম্বর, রবিবার সকাল ৯টায় ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জাতীয় ভিসার আবেদন এখন থেকে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার পোর্টালের (digital.diplo.de) মাধ্যমে গ্রহণ করা হবে। পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল হওয়ায় যারা আগে থেকেই তালিকায় ছিলেন, তাঁদেরও নতুন করে পোর্টালে অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট নতুন কনস্যুলার সার্ভিস পোর্টালে (সিএসপি) স্থানান্তর করা হবে না এবং সেগুলো আর কার্যকর থাকবে না।

নতুন ডিজিটাল প্রক্রিয়ার সুবিধাসমূহ অনলাইনভিত্তিক এই নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। দূতাবাসের বহিরাগত সেবাদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের মাধ্যমে কাগজপত্রের প্রাথমিক যাচাই সম্পন্ন হবে। এর ফলে সরাসরি উপস্থিতির সময় কমে আসবে এবং কেবল বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রক্রিয়াটি সহজ করা হবে। এ ছাড়া পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা ঘরে বসেই আবেদনের সর্বশেষ অগ্রগতি অনুসরণ করতে পারবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের একসঙ্গে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

ভিসা প্রক্রিয়াকরণের সময়সীমা নতুন ডিজিটাল প্রক্রিয়ায় কাগজপত্র যাচাই ও সরাসরি উপস্থিতির সময় কমানোর কথা বলা হলেও দূতাবাসের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময়সীমা বা দ্রুততম সময়ে ভিসা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়নি। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল এবং জার্মান দূতাবাসের আনুষ্ঠানিক ওয়েবসাইটে পাওয়া যাবে। পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত পরবর্তী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/এফআইআইএসপি/এসসিডিআরই/এফওইডি//