সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনে জোর

অ্যালামনাই অ্যাওয়ার্ড নাইটে সৃজনশীল অর্থনীতির পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী

  • ৭টি ক্যাটাগরিতে বিশিষ্ট অ্যালামনাইদের সম্মাননা প্রদান
  • ‘ক্রিয়েটিভ ইকোনমি’ প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী
  • প্রবাসীদের দেশে ফেরার আহ্বান ও ঢাকায় ভালো থিয়েটার গড়ার প্রত্যয়

অ্যালামনাই অ্যাওয়ার্ড নাইটে সৃজনশীল অর্থনীতির পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী
২৭ নভেম্বর, ২০২৬ ২০:০৭  
২৭ নভেম্বর, ২০২৬ ২৩:০৭  

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা বিশিষ্ট বাংলাদেশি অ্যালামনাইদের সম্মাননা জানাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এএএ) দ্বিবার্ষিক ‘অ্যাওয়ার্ড নাইট’। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেশের শিল্প ও সংস্কৃতিকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ (সৃজনশীল অর্থনীতি) প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অর্জন, নেতৃত্ব এবং সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৭টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো—বিজ্ঞান, শিক্ষা ও উদ্ভাবন, সুশাসন, শিল্পকলা, আন্তর্জাতিক উন্নয়ন, সমাজসেবা এবং ব্যবসা ও উদ্যোক্তা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক সময় তাদের শিল্পকর্মের ন্যায্য মূল্য পান না। এর ফলে শিল্প ও সংস্কৃতি অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না।

একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, সৃজনশীল অর্থনীতির এই যাত্রাকে সফল করতে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ এ খাতে সফলতা অর্জন করেছে, তাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রবাসীদের দেশে ফিরে এসে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারের বিপরীত প্রবাহ তৈরি করার আহ্বান জানান তিনি।

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//