এআই নির্মিত গান পুরোপুরি নিষিদ্ধ করছে টাইডাল

এআই নির্মিত গান পুরোপুরি নিষিদ্ধ করছে টাইডাল
২৫ নভেম্বর, ২০২৬ ২০:১০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গান পুরোপুরি নিষিদ্ধ করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম টাইডাল। আগামী ৯ ডিসেম্বর থেকে প্ল্যাটফর্মের ক্যাটালগ থেকে পুরোপুরি জেনারেটিভ এআইনির্ভর গান সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে প্রায় ২ কোটি ৯০ লাখ ট্র্যাক মুছে ফেলা হবে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। টাইডালের প্ল্যাটফর্ম প্রধান রবার্ট অ্যান্ডারসন জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে প্রতিদিন ৮০ হাজার থেকে ৮৫ হাজার নতুন এআই গান আটকে দেওয়া বা ফিরিয়ে দেওয়ার পথ তৈরি হবে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্ডারসন লেখেন, ‘আমরা মনে করি এই সিদ্ধান্ত শিল্পী ও শ্রোতা- উভয়ের কাছেই ইতিবাচক সাড়া ফেলবে; কারণ এআই দিয়ে তৈরি গানের ৯৬ শতাংশই কখনো কোনো শ্রোতা শোনেন না। আমরা প্রথম ডিজিটাল সার্ভিস প্রোভাইডার (ডিএসপি) হিসেবে এই উদ্যোগ নিচ্ছি এবং অন্যদেরও এটি অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।’

কেন এই কড়া সিদ্ধান্ত?
চলতি বছরের শুরুতেই টাইডাল ঘোষণা দিয়েছিল, পুরোপুরি এআই দিয়ে তৈরি গানে কোনো রয়্যালটি বা অর্থ দেওয়া হবে না এবং প্রতিটি গানকে ‘এআই-জেনারেটেড’ বা ‘এআই-অ্যাসিস্টেড’ হিসেবে চিহ্নিত করা হবে। 

তবে মঙ্গলবার অ্যান্ডারসন জানান, সাম্প্রতিক মাসগুলোতে প্ল্যাটফর্মে যে হারে এআই গানের জোয়ার বইছে, তা ঠেকাতে আগের নীতি যথেষ্ট ছিল না। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গত ৯০ দিনে টাইডালে আপলোড হওয়া মোট গানের ৪৩ শতাংশই এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে।

জ্যাক ডরসির প্রতিষ্ঠানে ভিন্ন চিত্র
এআই কনটেন্টের বিরুদ্ধে টাইডালের এই অবস্থানকে কিছুটা ব্যতিক্রমী হিসেবেই দেখছেন অনেকে। ২০২১ সাল থেকে টাইডালের মালিকানা রয়েছে ব্লকের হাতে, যার নেতৃত্বে আছেন এআইয়ের অন্যতম সমর্থক জ্যাক ডরসি। চলতি বছরের শুরুতে ব্লকের ১০ হাজার কর্মীর মধ্যে ৪ হাজার জনকে ছাঁটাই করে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি, যার পেছনে ডরসি পুরোপুরি এআই প্রযুক্তির প্রভাবকেই কারণ হিসেবে দেখিয়েছিলেন।

অন্য প্ল্যাটফর্মগুলোর অবস্থান কী?
টাইডালের বাইরে এআই দিয়ে পুরোপুরি বা বড় অংশে তৈরি গান সরাসরি নিষিদ্ধ করার নজির কেবল ব্যান্ডক্যাম্পেই রয়েছে। অন্যদিকে স্পটিফাই গত অক্টোবরে সুপারিশ তালিকা থেকে নিম্নমানের ও স্প্যাম কনটেন্ট সরানোর কথা বললেও, তার অল্প আগেই এআই দিয়ে গান রিমিক্স ও কাভার করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

সাউন্ডক্লাউড এআই মিউজিক নির্মাতা প্রতিষ্ঠান ইলেভেনল্যাবস ও ময়েসিসের সাথে যুক্ত হয়ে স্প্যাম নিয়ন্ত্রণ ও এআই টুলের ব্যবহার- উভয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। এ ছাড়া ডিজার এআই গান আড়াল করার টগল সুবিধা যুক্ত করলেও তা মুছে ফেলছে না, আর অ্যাপল মিউজিক কেবল এআই দিয়ে তৈরি গানগুলো চিহ্নিত করে রাখছে।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: এনগ্যাজেট