তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ 

বিপিও ভিলেজ ও প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব

  • সমন্বিত বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে বাক্কো
  • বিপিও ও আইটিইএস রপ্তানিতে প্রণোদনা ৬ থেকে ১০ শতাংশের প্রস্তাব
  • ফ্রিল্যান্সার সামিট ও দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাস

বিপিও ভিলেজ ও প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব
২৬ নভেম্বর, ২০২৬ ২০:৩২  

আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতের অবকাঠামো শক্তিশালী করতে সমন্বিত বিপিও ভিলেজ প্রতিষ্ঠা এবং রপ্তানি প্রণোদনা বৃদ্ধির প্রস্তাব নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল। বাক্কো সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়নে বিপিও ভিলেজ প্রতিষ্ঠা, আইটিইএস খাতের রপ্তানি নগদ প্রণোদনা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ গড়ে তোলা হলে এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরি হবে। পাশাপাশি বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেন তিনি। তার মতে, এ সহায়তা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফয়সল আলিম আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতার বিষয়ে মতবিনিময় হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বাক্কো কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাক্কো দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই সাক্ষাৎ শিল্পের চলমান উদ্যোগগুলো এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//