শক্তিশালী ব্যাটারি ও প্রসেসরে
বাংলাদেশে এআই ফিচারসমৃদ্ধ অনার ৬০০এস ৫জি উন্মোচন
- ৪৫,৯৯৯ টাকা মূল্যে অনার ৬০০এস ৫জি স্মার্টফোন উন্মোচন
- ৮১০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর
- এআই বাটন, এআই ইমেজ-টু-ভিডিও ২.০ ও আইপি৬৯কে সুরক্ষা সুবিধা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং টেকসই ডিজাইনের সমন্বয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ‘অনার ৬০০এস ৫জি’ (HONOR 600S 5G) স্মার্টফোন উন্মোচন করেছে গ্লোবাল টেক ব্র্যান্ড অনার।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত ১৮ নভেম্বর, বুধবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েলসহ দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও টেক কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে সংগীতশিল্পী জেফার, মাশা এবং ফিরোজ জং ব্যান্ডের রাতুলের তৈরি অনারের ব্র্যান্ড অ্যান্থেম ও এআই প্রযুক্তিতে নির্মিত মিউজিক ভিডিও উন্মোচন করা হয়। পাশাপাশি তরুণ নির্মাতাদের এআইভিত্তিক সৃজনশীলতায় উৎসাহিত করতে আয়োজিত ‘অনার এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ক্যাম্পেইন প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন জানান, প্রযুক্তি মানুষকে নতুন সম্ভাবনা অন্বেষণ এবং নিজস্ব সৃজনশীলতা প্রকাশের সক্ষমতা দেবে বলে অনার বিশ্বাস করে; এআই ক্রিয়েটরস ডেন তরুণ প্রতিভাদের জন্য তেমনই একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
নতুন এই স্মার্টফোনের কারিগরি বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়, অনার ৬০০এস ৫জি-তে একটি ডেডিকেটেড ট্যাকটাইল এআই বাটন যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’-সহ বিভিন্ন এআই ফিচার ব্যবহার করে কথোপকথনমূলক কমান্ডের সাহায্যে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি ও সম্পাদনা করতে পারবেন। স্মার্টফোনটি প্রসঙ্গে আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন পথ উন্মোচন এবং ব্যবহারিক টুলের মাধ্যমে এআই প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করতেই এই ডিভাইসটি আনা হয়েছে।
হার্ডওয়্যার ও পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ (Snapdragon® 4 Gen 4) প্রসেসর, ৮ জিবি ফিজিক্যাল র্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র্যাম এক্সপ্যানশন সুবিধা। দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ বিশাল ৮১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং বা ১৫ ঘণ্টার বেশি হেভি গেমিং ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ধুলাবালি ও পানি প্রতিরোধে ফোনটিতে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংয়ের পাশাপাশি ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও অক্ষত থাকার এসজিএস-সার্টিফায়েড সুরক্ষা রয়েছে। ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল—এই তিনটি রঙে অনার ৬০০এস ৫জি দেশের বাজারে পাওয়া যাচ্ছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫,৯৯৯ টাকা।
//ডিবিটেক/বিআর/এসসি/ডিইওই//





