গাড়ির বাজারে মন্দা ও যন্ত্রাংশের চাপে শাওমির মুনাফায় বড় পতন

গাড়ির বাজারে মন্দা ও যন্ত্রাংশের চাপে শাওমির মুনাফায় বড় পতন
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:০৫  

চীনের গাড়ির বাজারে মন্দা এবং যন্ত্রাংশের বাড়তি খরচের চাপে তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) নিট মুনাফায় ৫৭ শতাংশ পতনের মুখে পড়েছে বৈদ্যুতিক গাড়ি ও স্মার্টফোন নির্মাতা শাওমি করপোরেশন। 

মঙ্গলবার প্রকাশিত এই আর্থিক প্রতিবেদন বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও খারাপ। একই সঙ্গে বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে জার্মানির গাড়ির বাজারে প্রবেশের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এলএসইজি তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত শাওমির সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৯০ কোটি ইউয়ান (প্রায় ৭৩ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার)। বিশ্লেষকদের গড় অনুমান ছিল ৫২০ কোটি ইউয়ান। এই খবরের প্রভাবে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে ২৬ দশমিক ৫ হংকং ডলারে নেমে আসে।

দেশীয় বাজারে চাপ, জার্মানিতে প্রবেশের পরিকল্পনা
শাওমির নতুন জ্বালানিচালিত গাড়ি (এনইভি), এআই এবং অন্যান্য নতুন উদ্যোগ বিভাগ এই প্রান্তিকে ৩৪০ কোটি ইউয়ানের পরিচালন লোকসানে পড়েছে। গাড়ি সরবরাহ কমে যাওয়ায় এনইভি খাত থেকে আয় ১৯ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭০ কোটি ইউয়ানে।

প্রতিষ্ঠানটির আগের তথ্য অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে ১ লাখ ৯৭৫টি গাড়ি সরবরাহ করেছে শাওমি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ কম। শিল্প খাতের তথ্যের বরাত দিয়ে শাওমি জানিয়েছে, চীনের যাত্রীবাহী গাড়ির খুচরা বিক্রি বছরওয়ারি ২৪ শতাংশ কমেছে। 

আয়-সংক্রান্ত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি বলেছে, দেশীয় গাড়ির বাজারের এই মন্দা সবার ওপরই ‘বড় ধরনের চাপ’ তৈরি করছে।

অটোমোবাইল ব্যবসায় বাড়তি খরচ ও অবিক্রীত মজুতকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে শাওমি। তবে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে জার্মানির গাড়ির বাজারে ঢোকার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, ইউরোপের কয়েকটি দেশে ইতিমধ্যে গাড়ির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। 

বিশ্লেষকদের মতে, তীব্র মূল্য প্রতিযোগিতা ও দুর্বল দেশীয় বাজার শাওমির গাড়ির ব্যবসার জন্য ঝুঁকি তৈরি করছে; নতুন আসা স্কাইনোম্যাড এসইউভি সিরিজ পুরোনো মডেলের কম সরবরাহের ঘাটতি আংশিকভাবেই পূরণ করতে পেরেছে।

মেমোরির বাড়তি খরচ সামলাতে প্রিমিয়াম ফোনে জোর
স্যামসাং ও অ্যাপলের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা শাওমির মোট আয় ৫ দশমিক ২ শতাংশ কমে ১০ হাজার ৭২০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। এর মধ্যে স্মার্টফোন খাতের আয় সামান্য (০ দশমিক ৮ শতাংশ) কমেছে। মেমোরির দাম উচ্চ থাকায় স্মার্টফোন খাতের মোট মুনাফার হার (গ্রস মার্জিন) আগের বছরের ১১ দশমিক ১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।

তবে উচ্চমূল্যের মডেলের দিকে ঝুঁকে পড়ায় আগের প্রান্তিকের তুলনায় স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ১০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে শাওমি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে শাওমির চালান ৩০ শতাংশের বেশি কমেছে এবং বাজার হিস্যা দাঁড়িয়েছে ১২ শতাংশে। প্রতিষ্ঠানটি কম দামের বাজার ও অপ্রধান বৈদেশিক বাজার থেকে কিছুটা গুটিয়ে নিচ্ছে। 

গত সেপ্টেম্বরে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস আনার মাসেই প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনে শাওমি।

এআই ও রোবোটিক্সে বিনিয়োগ অব্যাহত
স্বল্পমেয়াদে মুনাফায় চাপ থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিজস্ব চিপ এবং রোবোটিক্সে বিনিয়োগ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শাওমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের হিউম্যানয়েড রোবটগুলো গাড়ি উৎপাদন লাইনের সর্টিং স্টেশনে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়াসহ টানা আট ঘণ্টা কাজ সম্পন্ন করেছে। পাশাপাশি ঘরোয়া পরিবেশেও রোবটগুলোর পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: রয়টার্স