কারিগরি শিক্ষার মান বাড়ানোর গুরুত্বারোপ

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

  • কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং মান যুগোপযোগী করার আহ্বান জানান রাষ্ট্রপতি
  • বঙ্গভবনে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন
  • বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
১৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৩  

দেশের শিক্ষাব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর শিক্ষার মান যুগোপযোগী করতে হবে। এ ছাড়া শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করার বিষয়ে তিনি গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন। পাশাপাশি যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি যবিপ্রবি উপাচার্যের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এনএইচজেইউএসটি/এসএমই/এমআইএসটি//