এআই যুগে সফটওয়্যার মানের সম্মেলন

ঢাকায় ৫ ডিসেম্বর বসছে স্কোয়াট বাংলাদেশের চতুর্থ আয়োজন

  • শেরাটন ঢাকায় দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম

  • আইএসটিকিউবির বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অংশ নেবেন

  • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফায়েড প্রকৌশলী তৈরির লক্ষ্য

ঢাকায় ৫ ডিসেম্বর বসছে স্কোয়াট বাংলাদেশের চতুর্থ আয়োজন
২৫ নভেম্বর, ২০২৬ ১৫:১৯  

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে সফটওয়্যার তৈরি ও ব্যবহারের ধরন বদলে যাচ্ছে। একই সঙ্গে সফটওয়্যারের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও গুণগত মান যাচাইয়ের গুরুত্বও বাড়ছে। এই বাস্তবতায় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতের বৈশ্বিক দক্ষতা, প্রযুক্তি এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’—স্কোয়াট বাংলাদেশ। দিনব্যাপী এ আয়োজনে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্টসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠেয় এবারের সিম্পোজিয়ামের প্রতিপাদ্য ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ বা ‘এআই যুগে সফটওয়্যারের মান’। এতে অংশ নেবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু। তাদের পাশাপাশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), প্রযুক্তি পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা সম্মেলনে যোগ দেবেন।

বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) আয়োজন করছে এই সিম্পোজিয়াম। আয়োজকদের লক্ষ্য, সফটওয়্যার কিউএ ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করা। ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখার লক্ষ্যও নির্ধারণ করেছে বিএসটিবি।

দিনব্যাপী আয়োজনে থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্লেনারি অধিবেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন ও কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংবিষয়ক আলোচনা। পাশাপাশি পেশাগত নেটওয়ার্কিং, সার্টিফিকেশন এবং ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনার সুযোগ থাকবে। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত সনদ পাবেন বলে জানিয়েছে আয়োজকেরা।

সিম্পোজিয়ামের একাডেমিক অংশীদার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষাসংক্রান্ত ও ওয়েবভিত্তিক প্রশিক্ষণ (ডব্লিউবিটি) অংশীদার হিসেবে রয়েছে জার্মানির আইএসকিউআই। প্রযুক্তি অংশীদার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। ক্যারিয়ার অংশীদার হিসেবে রয়েছে স্কিল জবস ও বিডিজবস ডটকম।

সম্মেলনে অংশগ্রহণের জন্য sqat.bstb-bd.org ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইড//