গুগল টিভির গতি ধীর হয়ে গেলে যেভাবে ক্যাশ ক্লিন করবেন
দীর্ঘদিন ব্যবহারের ফলে গুগল টিভি বা স্ট্রিমিং ডিভাইসের গতি ধীর হয়ে যাওয়া, অ্যাপ ক্র্যাশ করা কিংবা সিস্টেমে ছোটখাটো ত্রুটি দেখা দেওয়া খুবই সাধারণ একটি সমস্যা। সাধারণত টিভি শোর থাম্বনেইল বা বিভিন্ন তথ্য দ্রুত লোড করার জন্য অ্যান্ড্রয়েডভিত্তিক গুগল টিভি অ্যাপগুলো ‘ক্যাশ’ (Cache) ডেটা জমা রাখে।
কিন্তু অধিকাংশ গুগল টিভি ডিভাইসে (যেমন- গুগল টিভি স্ট্রিমার) স্টোরেজ বা তথ্য ধারণক্ষমতা মাত্র ৩২ জিবি বা তারও কম হওয়ায় এই ক্যাশ ফাইল জমে বা নষ্ট হয়ে ডিভাইসের গতি কমিয়ে দেয়।
গুগল টিভির সেটিংস মেনু থেকে দুটি উপায়ে- পুরো সিস্টেমের জন্য একসাথে অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের জন্য আলাদাভাবে ক্যাশ পরিষ্কার করা যায়।
১. পুরো সিস্টেমের ক্যাশ একসাথে পরিষ্কারের নিয়ম
যদি পুরো গুগল টিভি অপারেটিং সিস্টেমই ধীরগতির হয়ে যায়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে সব অ্যাপের ক্যাশ একসাথে মুছে ফেলা যাবে:
১. প্রথমে গুগল টিভির হোম স্ক্রিনে গিয়ে রিমোটের ‘হোম’ বাটনটি চেপে ধরে রাখুন অথবা স্ক্রিনের ওপরে আপনার প্রোফাইল আইকনটি নির্বাচন করুন। ২. কুইক সেটিংস প্যানেলের ওপরের দিকে থাকা গিয়ার আইকন বা Settings (সেটিংস)-এ প্রবেশ করুন। ৩. এরপর পর্যায়ক্রমে System > Storage > Internal shared storage > Cached data অপশনে যান। ৪. সবশেষে OK নির্বাচন করলে ডিভাইসের সব অ্যাপের অস্থায়ী ক্যাশ ডেটা মুছে যাবে। (এতে অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্ট লগ-আউট হবে না)।
২. নির্দিষ্ট কোনো অ্যাপের ক্যাশ পরিষ্কারের নিয়ম
সব অ্যাপ ঠিকঠাক কাজ করলেও যদি কেবল একটি নির্দিষ্ট অ্যাপ বারবার বন্ধ হয়ে যায় বা সমস্যা করে, তবে পুরো সিস্টেমের ক্যাশ না মুছে শুধু ওই অ্যাপটির ক্যাশ পরিষ্কার করাই শ্রেয়:
১. গুগল টিভির Settings মেনুতে গিয়ে Apps > See all apps নির্বাচন করুন। ২. তালিকা থেকে সমস্যাযুক্ত অ্যাপটি খুঁজে বের করে তাতে প্রবেশ করুন। ৩. প্রথমে Force Stop নির্বাচন করে OK চাপুন। ৪. এরপর Clear Cache নির্বাচন করে OK চাপুন। ৫. এতেও সমস্যার সমাধান না হলে টিভিটি একবার রিবুট (রিস্টার্ট) করুন। শেষ উপায় হিসেবে অ্যাপটির সেটিংস থেকে Clear Data নির্বাচন করতে পারেন; তবে এতে অ্যাপের সব তথ্য মুছে গিয়ে সেটি একদম নতুনের মতো অবস্থায় ফিরে যাবে এবং পুনরায় লগ-ইন করতে হবে।
স্থায়ী সমাধানের জন্য স্টোরেজ খালি রাখা জরুরি
ক্যাশ পরিষ্কার করা গুগল টিভির গতি বাড়ানোর একটি সাময়িক সমাধান মাত্র। স্থায়ীভাবে ভালো পারফরম্যান্স পেতে অ্যান্ড্রয়েড ডিভাইসের মোট স্টোরেজের অন্তত ১০ শতাংশ জায়গা সবসময় খালি রাখা উচিত।
ক্যাশ পরিষ্কার করার পর Settings > System > Storage > Internal shared storage-এ গিয়ে দেখে নিন কতটুকু জায়গা খালি আছে। যদি ৯০ শতাংশ বা তার বেশি স্টোরেজ পূর্ণ হয়ে যায়, তবে অপ্রয়োজনীয় ভিডিও ফাইল বা দীর্ঘদিন ব্যবহার করা হয় না এমন স্ট্রিমিং অ্যাপগুলো আনইনস্টল করে জায়গা খালি করা উচিত।
ডিবিটেক/বিএমটি





