এআই বিভ্রান্তি ও গুজব প্রতিরোধে অবস্থান

নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলার গুজব অস্বীকার পুলিশের

  • বেন্দারচর গ্রামে হিন্দু বাড়িঘরে হামলার দাবি মিথ্যা ও বানোয়াট বলল পুলিশ
  • ছড়িয়ে পড়া ভিডিও পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি
  • ১৮ নভেম্বরের সংঘর্ষে দুজন নিহতের জেরে ২০ নভেম্বর কয়েকটি বাড়িতে হামলা

নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলার গুজব অস্বীকার পুলিশের
২১ নভেম্বর, ২০২৬ ১৩:৩৩  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দফতর। পুলিশ জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরোনো ও এআই দিয়ে তৈরি এবং ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই।

২১ নভেম্বর, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট-সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা করেন। ওই ঘটনায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। তাৎক্ষণিক অভিযানে বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের দুই ছেলে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও অন্যরা বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশের দাবি, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কোনো পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

//ডিবিটেক/জেএনও/ডিআরই/এফওইডি//