ইরানে ব্যবসা সংক্রান্ত মার্কিন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হুয়াওয়ে
ইরানে ব্যবসা পরিচালনা নিয়ে ব্যাংকগুলোকে বিভ্রান্ত করা এবং মার্কিন প্রতিষ্ঠানের বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা দীর্ঘদিনের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে চীনের টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে জুরি বোর্ড এই রায় দেয়।
২০১৮ সালে শুরু হওয়া এই মামলায় হুয়াওয়ের বিরুদ্ধে আনা ১২টি ফৌজদারি অভিযোগের মধ্যে ১০টিতে প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে ব্যাংক জালিয়াতি, ওয়্যার ফ্রড, নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
তবে ন্যায়বিচারে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং র্যাকেটিয়ারিং ষড়যন্ত্রের (অপরাধী সংগঠনের মতো কার্যক্রম চালানোর অভিযোগ) দুটি অভিযোগ থেকে হুয়াওয়েকে খালাস দেওয়া হয়েছে।
বেইজিংয়ের প্রতিক্রিয়া ও রায়ের পটভূমি
রায়ের পর বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন চাপ ও চীনা কোম্পানিগুলোকে দমিয়ে রাখার প্রচেষ্টার বিরোধিতা করে বেইজিং। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনা কোম্পানিগুলোকে দমন ও কোণঠাসা করার মার্কিন উদ্যোগের দৃঢ় বিরোধিতা করে চীন সরকার এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় চীনা কোম্পানিগুলোর পাশে রয়েছে।’
হুয়াওয়ের জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের জেরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক কালোতালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র সরকার, যার ফলে মার্কিন প্রযুক্তিতে হুয়াওয়ের প্রবেশ সীমিত হয়ে যায়। দুই মাসের বেশি সময় ধরে চলা এই শুনানিতে প্রসিকিউশন ৬০ জনের বেশি সাক্ষী এবং হুয়াওয়ের পক্ষ থেকে ১৫ জন সাক্ষী হাজির করা হয়। আগামী বছরের ১৪ সেপ্টেম্বর মার্কিন জেলা বিচারক অ্যান ডনেলি দণ্ড ঘোষণা করবেন, তবে কী ধরনের শাস্তি হতে পারে তা এখনো স্পষ্ট নয়।
প্রতিষ্ঠাতার মেয়ের আটক ও কূটনৈতিক টানাপোড়েন
২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন পরোয়ানায় কানাডায় আটক হন হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়াংঝু। ইরানে হুয়াওয়ের ব্যবসা নিয়ে এইচএসবিসির (HSBC) এক কর্মকর্তাকে বিভ্রান্ত করার অভিযোগে তাঁকে গোপনে অভিযুক্ত করা হয়েছিল, যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে ডলার লেনদেন করা যায়।
প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করার পর প্রসিকিউশনের সাথে এক চুক্তির আওতায় দেশে ফেরেন মেং এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়। এই বিচারে মেং সাক্ষ্য না দিলেও ২০১৩ সালে তাঁর সাথে বৈঠক করা এইচএসবিসির এক কর্মকর্তা সাক্ষ্য দেন। ২০১৮ সালের অভিযোগপত্রে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিএনপি প্যারিবাসকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছিল; আর ২০২০ সালে বাণিজ্যিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের নতুন অভিযোগ যুক্ত হয়।
প্রসিকিউশন বনাম হুয়াওয়ের অবস্থান
বিচার চলাকালে প্রসিকিউটররা সিসকো সিস্টেমসের রাউটারের সোর্স কোড, কুইন্টেলের অ্যান্টেনা প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর কোম্পানি সিএনইএক্সের (CNEX) সার্কিট বোর্ড সংক্রান্ত তথ্য চুরির অভিযোগ তুলে ধরেন। এ ছাড়া টি-মোবাইলের একটি টেস্টিং রোবটের যন্ত্রাংশ ব্যাকপ্যাকে ভরে নেওয়ার ভিডিও এবং ফুজিৎসুর বুথে লুকিয়ে যন্ত্রের ছবি তোলার প্রসঙ্গও শুনানিতে আসে।
হুয়াওয়ের আইনজীবী ব্রায়ান হেবারলি রায়ে অসন্তোষ প্রকাশ করলেও র্যাকেটিয়ারিং ষড়যন্ত্র থেকে খালাস পাওয়াকে প্রতিষ্ঠানটির ‘সুশৃঙ্খল কমপ্লায়েন্স সংস্কৃতির’ স্বীকৃতি বলে মন্তব্য করেছেন। তিনি জানান, তাঁরা অবশ্যই আপিল করবেন। এক বিবৃতিতে হুয়াওয়ে দাবি করেছে, বাকি অভিযোগগুলোর আইনগত বা তথ্যগত ভিত্তি নেই এবং বাণিজ্যিক গোপন তথ্য সংক্রান্ত পাঁচটি বিরোধ বিগত দুই দশকে দেওয়ানি পর্যায়ে নিষ্পত্তি হয়েছে।
অন্যদিকে মার্কিন অ্যাটর্নি জোসেফ নোসেলা বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিপন্ন করা, বাণিজ্যের পবিত্রতা লঙ্ঘন ও আইন প্রয়োগে বাধা দেওয়ার মতো গুরুতর অপরাধের নজির কমই রয়েছে। প্রায় ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এবং ২ লাখের বেশি কর্মীর এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা গবেষণা ও উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং স্থিতিশীল ব্যবসা পরিচালনার ওপরই মনোযোগ রাখছে।
বিশ্লেষকদের মতে, ব্যবসা বৈচিত্র্যকরণ এবং চীনের এআই খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করায় এই মামলার রায় হুয়াওয়ের ব্যবসায় বড় কোনো ধাক্কা দেয়নি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





