আইন চূড়ান্তে আন্তর্জাতিক অংশীজনদের মতামত

নাগরিক অধিকার সুরক্ষায় সাইবার আইন সংশোধন

  • নাগরিক অধিকার ও সাইবার নিরাপত্তার ভারসাম্যে গুরুত্ব
  • সাংবাদিক গ্রেফতারে আদালতের অনুমতির বিধান প্রশংসিত
  • মানহানি ও কনটেন্ট ব্লকিংয়ে সুনির্দিষ্ট বিধানের সুপারিশ

নাগরিক অধিকার সুরক্ষায় সাইবার আইন সংশোধন
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৪৮  

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার অক্ষুণ্ণ রাখতে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কূটনৈতিক মিশনের প্রধান এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনের বিভিন্ন ধারা, সাংবাদিকদের সুরক্ষা, কনটেন্ট ব্লকিং এবং মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে একাধিক সুপারিশ উঠে এসেছে।

২৪ নভেম্বর, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন কাঠামোকে এমনভাবে শক্তিশালী করতে চায় সরকার, যাতে নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত থাকে। একই সঙ্গে মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানদণ্ডও রক্ষা পায়।

তিনি বলেন, অর্থনীতি ও সরকারি সেবা দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। এর পাশাপাশি সাইবার হুমকির পরিসর ও জটিলতাও বাড়ছে। অতীতের কিছু আইন প্রণয়ন প্রক্রিয়া দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। বর্তমান সরকার সেই উদ্বেগ দূর করে স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক স্বাধীনতার মধ্যে সঠিক ভারসাম্য রেখে আইন প্রণয়ন এককভাবে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই আন্তর্জাতিক অংশীজন ও উন্নয়ন সহযোগীদের মতামত নিতে এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যেন আইন প্রণয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেদিকেও সরকারের পূর্ণ নজর রয়েছে।

প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, নাগরিক অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ পর্যাপ্ত প্রতিকার ব্যবস্থা রয়েছে। মানবাধিকার কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে, যাতে এর স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ণ থাকে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। একই সঙ্গে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিও সম্মান বজায় রাখা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এআইনির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে এ খাতে বেসরকারি খাত, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার কাজ করছে।

উন্নয়ন সহযোগীদের সুপারিশ

সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে আয়োজিত পরামর্শ সভায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ উন্নয়ন সহযোগীরা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

তাঁরা সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানান। তাঁদের মতে, কার্যকর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করাও সম্ভব।

উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ খসড়ায় আনা ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেন তাঁরা। মানহানির ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকার ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন।

এ ছাড়া কনটেন্ট ব্লক করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন, স্বাধীন বিচারিক পর্যালোচনা এবং সব ধরনের সাংবাদিকের সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করা হয়। সংবাদসূত্রের গোপনীয়তা বজায় রাখা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতার জন্য আইনি সুরক্ষার বিধান রাখার বিষয়েও গুরুত্ব দেন উন্নয়ন সহযোগীরা।

সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনার প্রস্তাব উঠে আসে। এসব বিষয়ে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

খসড়া উপস্থাপন ও অংশগ্রহণ

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মোঃ তৈয়বুর রহমান সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন।

এ সময় আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জেডইউআর/ডিআরই/এফওইডি//