১৬ দিনের প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ প্রচারণা
টিএফজিবিসি প্রতিরোধে ১৬ দিনের প্রচারণায় বিএনএনআরসি
- ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৬ দিনের প্রচারণা চালাবে বিএনএনআরসি
- ছয় জেলায় গণমাধ্যম ব্রিফিং ও ৩৬ নারীকে সম্মাননা প্রদান
- নয়টি কমিউনিটি রেডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার হবে
ডিজিটাল মাধ্যম ও প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের বিশেষ প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। নারী নির্যাতনের বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা এবং দায়মুক্তির অবসানের দাবিতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রচারণা চলবে।
২৪ নভেম্বর, মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং রেজিলিয়েন্স অ্যাগেইনস্ট টেকনোলজি-ফ্যাসিলিটেটেড জেন্ডার-বেজড ভায়োলেন্স (টিএফজিবিসি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের অংশ হিসেবে এই প্রচারণা চালানো হচ্ছে। সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন প্রকল্পটিতে অর্থায়ন করছে এবং কারিগরি সহায়তা দিচ্ছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।
প্রচারণার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই। বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দেই এবং দায়মুক্তির অবসান ঘটাই।’ প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা তৈরি, সহায়তা ও প্রতিকার পাওয়ার উপায় জানানো এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করাই এর লক্ষ্য।
ডিজিটাল প্রযুক্তি নারীদের শেখা, কাজ করা, যোগাযোগ ও মতপ্রকাশের সুযোগ বাড়িয়েছে। একইসঙ্গে এটি অনলাইন যৌন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ছদ্মবেশ ধারণ এবং সম্মতি ছাড়া ছবি বা ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো অপব্যবহারের পথও তৈরি করেছে।
এ ধরনের সহিংসতা নারীর নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতা ক্ষুণ্ন করে এবং অনেক নারীকে অনলাইন পরিসর, নেতৃত্ব, নাগরিক জীবন ও ডিজিটাল সেবা থেকে দূরে সরিয়ে দেয়। তাই নারীর অধিকার রক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ জরুরি।
ছয় জেলায় গণমাধ্যম ব্রিফিং ও ৩৬ নারীকে সম্মাননা বিএনএনআরসি সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং ময়মনসিংহে পৃথক গণমাধ্যম ব্রিফিং করবে। এসব জেলার নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, আইনি ও মানবিক সহায়তা প্রদান এবং ডিজিটাল উন্নয়নে অবদান রাখা ৩৬ জন নারী ও তরুণীকে সম্মাননা দেওয়া হবে।
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক প্রতিবেদনের মানোন্নয়নে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কাজ করবে বিএনএনআরসি। বিশেষ করে নির্যাতনে প্রযুক্তির ব্যবহার, প্রতিরোধের চ্যালেঞ্জ এবং প্রতিকার পেতে ভুক্তভোগীদের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হবে। গণমাধ্যমের প্রতিবেদনে ভুক্তভোগীদের সম্মতি, গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নয়টি কমিউনিটি রেডিওতে বিশেষ অনুষ্ঠান সারা দেশের নয়টি কমিউনিটি রেডিও স্টেশন প্রতিটি একটি করে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে। এসব অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর সহিংসতার ধরন, প্রতিরোধের উপায়, অভিযোগ জানানোর পদ্ধতি এবং আইনি ও অন্যান্য সহায়তা কোথায় পাওয়া যাবে তা সহজ ভাষায় তুলে ধরা হবে, যাতে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষ সহজেই বুঝতে পারেন।
ছয় জেলার প্রচারণা কার্যক্রমে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রায় ৭২ জন সাংবাদিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সম্মাননাপ্রাপ্ত ৩৬ জন, স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রতিটি জেলার নির্ধারিত যোগাযোগ ব্যক্তি এবং নয়টি কমিউনিটি রেডিও স্টেশনের কর্মীরাও অংশ নেবেন।
বিএনএনআরসি জানায়, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে জনসচেতনতা, ভুক্তভোগীদের নিরাপত্তা ও মর্যাদার সুরক্ষা, সহজলভ্য আইনি ও মানবিক সহায়তা, কার্যকর প্রতিকার এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সম্প্রদায়, গণমাধ্যম প্রতিষ্ঠান, সেবাদাতা এবং নীতিনির্ধারকদের ভূমিকা রয়েছে। এই প্রচারণার মাধ্যমে এমন একটি ডিজিটাল সমাজ গঠনের আহ্বান জানিয়েছে বিএনএনআরসি, যেখানে নারী ও কিশোরীরা নিরাপদে প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন এবং সহিংসতার শিকার হলে মর্যাদার সঙ্গে সহায়তা ও প্রতিকার চাইতে পারবেন।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





