বিপিও খাতের উন্নয়নে প্রণোদনার দাবি

বিপিও খাতে প্রণোদনা ১০ শতাংশে উন্নীত করার দাবি বাক্কোর

  • রপ্তানি নগদ প্রণোদনা ৬% থেকে ১০% করার প্রস্তাব
  • সমন্বিত ‘বিপিও ভিলেজ’ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরল বাক্কো
  • পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আইসিটি মন্ত্রীর

বিপিও খাতে প্রণোদনা ১০ শতাংশে উন্নীত করার দাবি বাক্কোর
২৮ নভেম্বর, ২০২৬ ১০:১১  

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একই সঙ্গে খাতটির বিকাশে একটি সমন্বিত ‘বিপিও ভিলেজ’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সংগঠনটি।

বাক্কোর সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন।

সাক্ষাৎকালে বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ গড়ে তোলা হলে এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরি হবে।

পাশাপাশি বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এ সহায়তা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আসন্ন ‘ফ্রিল্যান্সার সামিট’ আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতার বিষয়ে বৈঠকে মতবিনিময় হয়।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সাক্ষাতে বাক্কোর কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//