বিনোদন জগতের সব রেকর্ড ভেঙে দিয়েছে জিটিএ ৬!

বিনোদন জগতের সব রেকর্ড ভেঙে দিয়েছে জিটিএ ৬!
২১ নভেম্বর, ২০২৬ ১৭:০৯  

মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ৩৭৯ কোটি মার্কিন ডলার (৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার) আয় করে বিনোদন জগতের ইতিহাসে সর্বকালের বৃহত্তম উদ্বোধনী বিক্রির রেকর্ড গড়েছে ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। 

শুক্রবার (২০ নভেম্বর) গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, মুক্তির আগেই বিশ্বজুড়ে গেমটির ৩ কোটি ২৫ লাখ কপি প্রি-অর্ডার বা অগ্রিম বিক্রি হয়েছে। 

এর মাধ্যমে চলচ্চিত্র, সংগীত বা ভিডিও গেম- বিনোদনের যেকোনো মাধ্যমের ইতিহাসে সর্বোচ্চ আয়ের নতুন মাইলফলক স্পর্শ করল গেমটি।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের আগের পর্ব ‘জিটিএ ৫’ প্রথম দিনে আনুমানিক ৮০ কোটি ডলার আয় করেছিল, যা এতদিন ভিডিও গেমের ইতিহাসে প্রথম দিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল। 

জিটিএ ৬-এর প্রথম দিনের আয় তার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। এমনকি বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট আয়কেও (প্রায় ২৯৪ কোটি ডলার) প্রথম দিনেই ছাড়িয়ে গেছে রকস্টার গেমসের এই নতুন সৃষ্টি। 

বিপুল বিনিয়োগ ও বিশ্বজুড়ে উন্মাদনা
রকস্টার গেমসের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা স্যাম হাউসার এক বিবৃতিতে বিশ্বজুড়ে খেলোয়াড়দের এই অভাবনীয় সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জিটিএ ৬-এর মুক্তির মধ্য দিয়ে স্টুডিওটি এক ‘নতুন অধ্যায়ে’ প্রবেশ করল। 

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা এবং আনুমানিক ১০০ কোটি ডলারেরও বেশি নির্মাণ ব্যয়ে তৈরি এই গেমটি বিনোদন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। গত জুন মাসে গেমটির প্রি-অর্ডার শুরু হয় এবং আগস্টে নেটফ্লিক্সে প্রচারিত বর্ধিত ট্রেলারের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়ে যায়।

ভাইস সিটির আদলে তৈরি যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে গেমটির মুক্তি উপলক্ষে এনবিএ বাস্কেটবল দল বিশেষ ম্যাচের আয়োজন করেছে। এ ছাড়া সপ্তাহান্তে গ্র্যামিজয়ী র‍্যাপার কার্ডি বি, মেট্রো বুমিন এবং ট্র্যাভিস স্কটকে নিয়ে ‘জিটিএ ৬: দ্য ফেস্টিভ্যাল’ শীর্ষক এক তারকাবহুল সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 

গেমটি খেলতে বিশ্বজুড়ে লাখ লাখ গেমার অফিস থেকে ছুটি নেওয়ার পাশাপাশি নিজেদের প্রিয়জনদের সঙ্গে নির্বিঘ্নে গেম খেলার ‘চুক্তি’ পর্যন্ত করছেন।

পিসি সংস্করণ ও অনলাইন মোডের অপেক্ষা
গেমটির এই ঐতিহাসিক সাফল্যের পর মূল প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারদর শুক্রবার কিছুটা বেড়েছে। বর্তমানে কেবল প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে গেমটি খেলা যাচ্ছে। এখন বিনিয়োগকারীদের মূল নজর রয়েছে কবে নাগাদ জিটিএ ৬-এর পিসি (কম্পিউটার) সংস্করণ এবং মাল্টিপ্লেয়ার অনলাইন মোড উন্মুক্ত করা হবে, সেদিকে। 

বাজার বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালে গেমটির পিসি সংস্করণ ও অনলাইন মোড আসতে পারে। ব্রোকারেজ প্রতিষ্ঠান টিডি কাওয়েনের বিশ্লেষক ডগ ক্রুটজের মতে, ইউনিট বিক্রির চেয়েও টেক-টু ইন্টারঅ্যাকটিভের দীর্ঘমেয়াদি আয়ের সবচেয়ে বড় উৎস হবে পরবর্তী ‘জিটিএ অনলাইন’ এবং এর ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটির শেয়ারের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নির্ধারিত হবে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: রয়টার্স