সাইডউইন্ডারের রিমোট টেমপ্লেট ইনজেকশন সতর্কতা
সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার ঝুঁকিতে বাংলাদেশ
- পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাউশির নামে ভুয়া ডোমেইন শনাক্ত করেছে সার্ট
- ম্যাক্রো ছাড়াই ওয়ার্ড ফাইলের মাধ্যমে রিমোট টেমপ্লেট ইনজেকশন কৌশল
- বাংলাদেশে হামলার প্রমাণ মেলেনি, তবে উচ্চমাত্রার ঝুঁকি সতর্কতা জারি
বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ও প্রাতিষ্ঠানিক কাঠামো ব্যবহার করে সাইবার হামলার নতুন ও সুসংগঠিত কৌশল গ্রহণ করেছে ‘সাইডউইন্ডার’ (SideWinder) নামের একটি হ্যাকার গোষ্ঠী। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম ও পরিচয়ের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েব ডোমেইন তৈরি করেছে গোষ্ঠীটি; যার মাধ্যমে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে প্রতারণামূলক ফিশিং ই-মেইল এবং ক্ষতিকর মাইক্রোসফট ওয়ার্ড ফাইল পাঠিয়ে কম্পিউটারে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) প্রকাশিতএক সাইবার নিরাপত্তা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে এবং এই হুমকিকে উচ্চমাত্রার বলে উল্লেখ করা হয়েছে।
বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, গত ২ থেকে ১২ নভেম্বরের মধ্যে এই সাইবার হামলার কার্যক্রম শনাক্ত করা হলেও ১২ নভেম্বরের পরও সংশ্লিষ্ট ডোমেইন অবকাঠামো সক্রিয় রয়েছে এবং নতুন নতুন ভুয়া সাবডোমেইন তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও চীনের সরকারি, সামরিক ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই অবকাঠামো সাজানো হয়েছে। বিশেষভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদলে mofa-gov-bd.fetchdrives[.]info এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদলে dshe-gov-bd.fetchdrives[.]info নামের ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে।
এ ছাড়া পাকিস্তানের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ, নেপালের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রীলঙ্কার জনপ্রশাসন বিভাগ এবং চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের নামেও নকল ঠিকানা পাওয়া গেছে—সব মিলিয়ে ১৪টি সরকারি ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া ডোমেইন চিহ্নিত করেছে সংস্থাটি।
সতর্কবার্তায় জানানো হয়, হামলাকারীরা বেতন কাঠামো সংশোধন, ভ্রমণসংক্রান্ত নির্দেশনা, প্রশিক্ষণের সময়সূচি এবং প্রশাসনিক বিজ্ঞপ্তির মতো দৈনন্দিন দাপ্তরিক বিষয়ের আড়ালে ই-মেইল পাঠাচ্ছে, যার সংযুক্তিতে ক্ষতিকর ওয়ার্ড ডকুমেন্ট থাকে। বিশ্লেষণে এমন পাঁচটি ক্ষতিকর ফাইল শনাক্ত হয়েছে, যার একটির নামের শেষে .zip থাকলেও সেটি প্রকৃতপক্ষে .docx ফাইল।
উল্লেখযোগ্য বিষয় হলো, অনুপ্রবেশের জন্য আলাদা করে ম্যাক্রো সক্রিয় করার প্রয়োজন হয় না; ফাইলটি মাইক্রোসফট ওয়ার্ডে খুললেই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে বাহ্যিক সার্ভার থেকে টেমপ্লেট সংগ্রহের চেষ্টা করে, যা সাইবার নিরাপত্তায় ‘রিমোট টেমপ্লেট ইনজেকশন’ নামে পরিচিত। এই প্রক্রিয়ায় ওয়ার্ড ফাইল থেকে সংযোগ স্থাপনের পর Fontlayer.rtf নামের দ্বিতীয় ধাপের একটি ফাইল নামানো হয়, যার অস্বাভাবিক শিরোনাম প্রচলিত নিরাপত্তা শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। পাশাপাশি প্রতিটি প্রাপকের জন্য আলাদা পরিচিতি নম্বর ও সংকেতযুক্ত ইউআরএল ব্যবহার করে কে ফাইল খুলেছে বা সংযোগের চেষ্টা করেছে, তা ট্র্যাক করে হামলাকারীরা। হামলায় মূলত donwloaad-file[.]org ও fetchdrives[.]info ডোমেইন এবং 89[.]46[.]237[.]186 ও 168[.]222[.]243[.]49 আইপি ঠিকানা ব্যবহৃত হচ্ছে; এ ছাড়া চীনের জ্বালানি প্রশাসনের নামে তৈরি ডোমেইনে বিশেষ অক্ষর ব্যবহার করে ভুয়া রূপ দেওয়ার কৌশলও ধরা পড়েছে।
তবে বিজিডি ই-গভ সার্ট জানিয়েছে, ভুয়া ডোমেইন শনাক্ত হলেও এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানে ক্ষতিকর ফাইল পাঠানো, তা খোলা, কম্পিউটার আক্রান্ত হওয়া, তথ্য চুরি কিংবা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বহিরাগত কিছু পরীক্ষাগারে ক্ষতিকর ফাইল তৈরির সম্ভাব্য আলামত মিললেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারিগরি ও আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এই অভিযানের সঙ্গে সাইডউইন্ডার গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে উচ্চমাত্রার আস্থা প্রকাশ করেছে সংস্থাটি। ঝুঁকি এড়াতে সরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) এবং বিশেষত পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অপরিচিত ওয়ার্ড ফাইল যাচাই, অনুমতি ছাড়া বাহ্যিক ওয়ার্ড টেমপ্লেট ব্লক করা, ডিএনএস, প্রক্সি ও ওয়ার্ড থেকে অস্বাভাবিক নেটওয়ার্ক সংযোগ পর্যবেক্ষণ এবং চিহ্নিত ডোমেইন ও আইপি ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে
//ডিবিটেক/এসএএএইচ/এমএসসি/ডিওই//





