জার্মানিতে সাইবারক্যাব তৈরিতে ৩৩০ কোটি ডলার বিনিয়োগ করবে টেসলা
চীনা প্রতিদ্বন্দ্বীদের তীব্র চাপে জার্মানির ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন কর্মী ছাঁটাই ও কারখানা বন্ধের কথা ভাবছে, ঠিক সেই মুহূর্তে দেশটিতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
সোমবার (১৬ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে অবস্থিত তাদের গিগাফ্যাক্টরি সম্প্রসারণে ৩০০ কোটি ইউরো বা প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।
নতুন এই উৎপাদন কেন্দ্র নির্মিত হলে ইউরোপে টেসলার একমাত্র এই কারখানাটি উৎপাদন সক্ষমতার দিক থেকে ভক্সওয়াগনের উলফসবার্গ সদর দপ্তরকেও ছাড়িয়ে জার্মানির বৃহত্তম গাড়ি কারখানায় পরিণত হতে পারে।
২০২৯ সালে শুরু হবে উৎপাদন
বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, গ্রুনহাইডের এই নতুন কেন্দ্রে প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি বা ‘সাইবারক্যাব’ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ভবন নির্মাণের অনুমতির জন্য আবেদন জমা দেবে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথমার্ধে নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সাল থেকে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হবে।
এই সম্প্রসারণ প্রকল্পের প্রাথমিক ধাপে নির্মাণ ও উৎপাদন পরিকল্পনার জন্য কয়েক শত নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে টেসলা। ব্র্যান্ডেনবার্গ রাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট ডিটমার ওয়েডকে এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি জার্মানির শিল্প খাতের ভবিষ্যৎ এবং অঞ্চলটির প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে গাড়ি শিল্পবিষয়ক বিশ্লেষক ম্যাথিয়াস শ্মিটের মতে, এই বিশাল বিনিয়োগের কতটুকু দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরি করবে আর কতটুকু স্বয়ংক্রিয় যন্ত্রনির্ভর হবে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
জার্মান গাড়ি শিল্পের বিপরীত চিত্র
ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডব্লিউর মতো জার্মান জায়ান্টরা যখন ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে, তখন টেসলা জার্মানিতে প্রবৃদ্ধির অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।
২০২২ সালের মার্চ মাসে চালু হওয়া গ্রুনহাইড কারখানায় সাম্প্রতিক মাসগুলোতে মডেল ওয়াই এসইউভির উৎপাদন বাড়ানোর পাশাপাশি দুই হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া আগামী বছরের মাঝামাঝি সময় থেকে সেখানে ব্যাটারি সেল উৎপাদন শুরুরও পরিকল্পনা রয়েছে।
এদিকে, সাইবারক্যাবের উৎপাদন বাড়াতে ২০২৭ সালের গ্রীষ্মের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন কারখানায় ‘সাইবারট্রাক’ উৎপাদন গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তবে জার্মানির শক্তিশালী শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের সঙ্গে পুরোনো দ্বন্দ্ব, পরিবেশবাদীদের প্রতিবাদ এবং ইউরোপে চালকবিহীন গাড়ির বাণিজ্যিক অনুমোদনের আইনি সীমাবদ্ধতার কারণে সাইবারক্যাব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





