সামরিক ক্লাউডে সাইবার অনুপ্রবেশের তদন্ত
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড ওয়ানে হ্যাকারদের হামলা
- ক্লাউড ওয়ানে অনুপ্রবেশ ধরা পড়ে গত এক মাসে
- সামরিক তথ্য ও রসদ ব্যবস্থাপনা ঝুঁকিতে
- হামলার তদন্তে যুক্ত হয়েছে মার্কিন সাইবার কমান্ড
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার অনুপ্রবেশের ঘটনা ধরা পড়েছে। এতে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়েছে। অনুপ্রবেশের ব্যাপ্তি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার ইউনিট ‘সাইবার কমান্ড’কে তদন্তে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাঁচটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) একাধিক সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
দুই সূত্রের ভাষ্য অনুযায়ী, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ চলাকালে অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এতে পুরো প্ল্যাটফর্মের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত ব্যাপ্তি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের পাঠানো অনুরোধের জবাব দেয়নি সাইবার কমান্ড।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, “নির্দিষ্ট নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। তবে, বিমানবাহিনীর তথ্য-সিস্টেম এবং মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।”
সব সেবার একক প্ল্যাটফর্ম
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিভিন্ন প্রয়োজন মেটানোর একটি একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছিল। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা একত্র করে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়।
কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন কাজ পরিচালনায় এতে অসংখ্য অ্যাপ্লিকেশন চালু রয়েছে বলে জানা গেছে।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এই ক্লাউড সেবার মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ও অন্যান্য তথ্য একত্র করা হয়।
এ ছাড়া হামলার আওতায় থাকা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের ২০০টির বেশি মার্কিন বিমানবাহিনীর স্থাপনায় থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে এই ব্যবস্থা।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC)। ওই বছর দায়িত্ব নেয় লেইডোস (Leidos)। এ বিষয়ে মন্তব্য চেয়ে রয়টার্সের পাঠানো অনুরোধের জবাব দেয়নি এসএআইসি। লেইডোস প্রশ্নগুলো মার্কিন বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। একটি সূত্র বলেছে, “এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ বড় বিষয়।”
নানা ধরনের কার্যক্রমে বিঘ্ন
হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটিতে বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়েছে। দুটি সূত্র এবং এ বিষয়ে অবগত আরও একজনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।
ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশ পাওয়ার পরও সেগুলোর সমাধানে প্রয়োজনীয় আপডেট দিতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করেছিল। কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন ওই ব্যক্তি।
তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তাত্ত্বিকভাবে এ ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে হামলাকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারত। তবে এই ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ধারাবাহিক সাইবার হামলা
ক্লাউড ওয়ানে হামলার খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চালানো সাইবার হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, এআই মডেল দ্রুত বড় পরিসরের নেটওয়ার্কে দুর্বলতা শনাক্ত করতে সক্ষম।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার পরিণতি সামাল দিচ্ছে। এসব ঘটনার মধ্যে রয়েছে এফবিআইয়ের দুটি সিস্টেমে হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি সাইবার হামলা, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
দীর্ঘদিন ধরে হ্যাকারদের লক্ষ্য ক্লাউড ওয়ান
২০২৩ সালে অনলাইন প্রকাশনা ‘ফেডস্কুপ’-এ প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের বিপুলসংখ্যক প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের ‘১০০ শতাংশ সাফল্যের হার’ থাকার দাবি করেছিলেন। এসব প্রচেষ্টাকে তাঁরা ‘বিস্ময়কর’ বলেও উল্লেখ করেছিলেন।
ক্লাউড ওয়ানের কর্মকর্তারা লিখেছিলেন, “নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।”
সূত্র: রয়টার্স
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





