বিএমইউর প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা!

  • প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর ৩৬.২ শতাংশের বিরুদ্ধে মেরোপেনেম অকার্যকর
  • আইসিইউর রোগীদের শ্বাসনালির নমুনায় প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে
  • এক বছরে এমআরএসএ সংক্রমণের হার বেড়ে ২৬.৩ শতাংশ হয়েছে

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা!
১৮ নভেম্বর, ২০২৬ ২২:১৬  

অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই ওষুধ-প্রতিরোধী হয়ে উঠছে। এমনকি হাসপাতালে গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেরোপেনেমও প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর এক-তৃতীয়াংশের বেশি ক্ষেত্রে কার্যকারিতা হারাচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ‘Antimicrobial Resistance Report: 2025–2026’-এ উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। প্রতিবেদনে দেখা গেছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় Klebsiella ও Acinetobacter-এর বিরুদ্ধে কার্বাপেনেম প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। ফলে সংক্রমণের চিকিৎসা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিএমইউ। বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জানানো হয়, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও অসচেতন ব্যবহার মানুষের শরীরে ওষুধ-প্রতিরোধী জীবাণুর বিস্তার বাড়াচ্ছে। এর ফলে শেষ ভরসা হিসেবে বিবেচিত অ্যান্টিবায়োটিকও অনেক ক্ষেত্রে কাজ করছে না।

এবারের প্রতিপাদ্য ছিল ‘One Health, One Action: Prevent AMR Now’। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে র‍্যালিটি বের হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা বন্ধ করতে হবে। যথেচ্ছ ব্যবহারের কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফলে রোগী অসুস্থ হওয়ার পর চিকিৎসার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও অনেক ক্ষেত্রে তা আর কাজ করে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে জনসচেতনতার বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট মাত্রা ও মেয়াদ রয়েছে। একবার অ্যান্টিবায়োটিক শুরু করলে চিকিৎসকের নির্ধারিত সময় পর্যন্ত তা সেবন করতে হবে। আবার কিছু অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহার করা যায় না। উদাহরণ হিসেবে তিনি বলেন, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিকের ব্যবহার গর্ভের সন্তানের ক্ষতি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ওষুধ-প্রতিরোধী হয়ে উঠেছে। মানবদেহে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এর ফলে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, জীবাণু শক্তিশালী হচ্ছে এবং সংক্রমণের চিকিৎসা সংকটে পড়ছে।

অনুষ্ঠানে বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতু, সহযোগী অধ্যাপক ডা. ইসমেত নিগার, সহকারী অধ্যাপক ডা. এস এম আলী আহম্মদ, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা জোহরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা অংশ নেন।

বিএমইউর প্রতিবেদনে প্রতিরোধের চিত্র

অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার জানান, বিএমইউর বার্ষিক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিবেদনে দেখা গেছে, এক বছরে কার্বাপেনেম প্রতিরোধের হার ২৮.২ শতাংশ থেকে বেড়ে ৩৬.২ শতাংশ হয়েছে। আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় এ হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

প্রতিবেদনটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত এ প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিভিন্ন প্রবণতা তুলে ধরা হয়েছে।

নমুনা পরীক্ষার চিত্র: প্রতিবেদনের সময়কালে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগ ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করেছে। ২০১১ সালে পরীক্ষিত ৩১ হাজার ৬৮৬টি এবং ২০১৪–১৫ সালে ৪৬ হাজার ২৭৯টি নমুনার তুলনায় এটি বেশি। পরীক্ষিত নমুনার মধ্যে ১৩ হাজার ২৫১টিতে ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। প্রতিবেদনের একটি অংশে এই হার ২৯.১ শতাংশ এবং সারসংক্ষেপে ২৬.১ শতাংশ উল্লেখ করা হয়েছে।

১৭ হাজার ১০৮টি প্রস্রাবের নমুনার ৩৭.৬ শতাংশে এবং ১৬ হাজার ১০৪টি রক্তের নমুনার ৮ শতাংশে জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক এসেছে প্রস্রাবের নমুনা থেকে। এরপর রয়েছে ক্ষতের নমুনা, রক্ত ও কফ। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে E. coli (৫০.৬ শতাংশ) এবং রক্তে Klebsiella (১৮.৬ শতাংশ)। ক্ষতের নমুনায় Pseudomonas এবং কফের নমুনায় Klebsiella বেশি পাওয়া গেছে।

কার্বাপেনেম প্রতিরোধ: প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্যগুলোর একটি হলো কার্বাপেনেম শ্রেণির অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছয়টি প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে মেরোপেনেম প্রতিরোধ পাওয়া গেছে। অর্থাৎ প্রতিরোধের হার ৩৬.২ শতাংশ। আগের বছর এ হার ছিল ২৮.২ শতাংশ।

এক বছরে Klebsiella-র মধ্যে কার্বাপেনেম প্রতিরোধ ২৭.৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। E. coli-এর ক্ষেত্রে তা ১৪ শতাংশ থেকে বেড়ে ২০.৭ শতাংশে দাঁড়িয়েছে। হাসপাতালে সংক্রমণ ছড়ানোর জন্য পরিচিত Acinetobacter-এর ৫৭.৫ শতাংশ এবং Pseudomonas-এর ৫২.১ শতাংশ কার্বাপেনেম-প্রতিরোধী। আগের বছরের তুলনায় এ দুটি জীবাণুর ক্ষেত্রে হার কিছুটা কমলেও এখনো অর্ধেকের বেশি। ২০২২–২৩ সালের তুলনায় কার্বাপেনেম-প্রতিরোধী Pseudomonas-এর নমুনার সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ৯৩৭ হয়েছে।

রক্তের সংক্রমণে পরিস্থিতি আরও কঠিন। রক্তের নমুনা থেকে পাওয়া Klebsiella-এর ৫৬ শতাংশ, Acinetobacter-এর ৬২.১ শতাংশ এবং E. coli-এর ৩৩.৩ শতাংশ মেরোপেনেমে সাড়া দিচ্ছে না। আইসিইউ রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত নমুনায় Klebsiella ও Acinetobacter-এর প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বিভাগ ও আইসিইউতে কার্বাপেনেমকে প্রথম সারির ওষুধ হিসেবে ব্যবহারের সঙ্গে এ চিত্র সামঞ্জস্যপূর্ণ। তবে সর্বশেষ ভরসা হিসেবে বিবেচিত colistin এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর রয়েছে। সব নমুনা মিলিয়ে Klebsiella-এর ০.৪ শতাংশ এবং Acinetobacter-এর ০.৮ শতাংশ colistin-প্রতিরোধী। তবে রক্তের নমুনায় এ হার যথাক্রমে ৩.৬ ও ৩.১ শতাংশ, যা ভবিষ্যতের জন্য সতর্কসংকেত।

মূত্রনালির সংক্রমণে ওষুধের অকার্যকারিতা: মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু E. coli-এর ৮২.৮ শতাংশ amoxicillin, ৭৫.৫ শতাংশ ciprofloxacin, ৬২.২ শতাংশ ceftriaxone এবং ৫২.৯ শতাংশ gentamicin-এ সাড়া দিচ্ছে না।

এ ধরনের সংক্রমণে বহুল ব্যবহৃত nitrofurantoin-এর বিরুদ্ধে প্রতিরোধের হার এক বছরে ৩৩.৩ শতাংশ থেকে বেড়ে ৫০.১ শতাংশ হয়েছে। প্রস্রাবের E. coli-তে মেরোপেনেম প্রতিরোধও ১২.৫ শতাংশ থেকে বেড়ে ১৮.৪ শতাংশে পৌঁছেছে। তবে প্রতিবেদনে piperacillin-tazobactam, colistin ও tigecycline-কে এখনো কার্যকর ওষুধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইতিবাচক দিক হলো, প্রস্রাবে ESBL উৎপাদনকারী E. coli-এর হার ৩.১৬ শতাংশ থেকে কমে ২.৭ শতাংশ হয়েছে।

এমআরএসএ বাড়ছে: প্রতিবেদনে প্রস্রাবের নমুনায় vancomycin-প্রতিরোধী Staphylococcus aureus-এর ১২টি এবং Enterococcus-এর ১৩টি নমুনা শনাক্তের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রস্রাবে linezolid-প্রতিরোধী Staphylococcus aureus-এর ১৩টি নমুনাও পাওয়া গেছে।

Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) সংক্রমণের হারও ধারাবাহিকভাবে বাড়ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এমআরএসএর হার ২০২২–২৩ সালে ৯.৭ শতাংশ ছিল। ২০২৪–২৫ সালে তা বেড়ে ১৯.২ শতাংশ এবং সর্বশেষ প্রতিবেদনে ২৬.৩ শতাংশ হয়েছে।

টাইফয়েডের ওষুধে প্রতিরোধ: রক্তের নমুনা থেকে পাওয়া ১৪১টি টাইফয়েডের জীবাণুর মধ্যে অর্ধেক ciprofloxacin-প্রতিরোধী। আগের বছর এ হার ছিল ৪০.৩ শতাংশ। Nalidixic acid-এর বিরুদ্ধে প্রতিরোধের হার ৬৯.৭ শতাংশ। পাঁচটি জীবাণু টাইফয়েডের প্রধান ওষুধ ceftriaxone-এও সাড়া দেয়নি; আগের বছর এ সংখ্যা ছিল চার। তবে co-trimoxazole-এর বিরুদ্ধে প্রতিরোধ ১২ শতাংশ এবং chloramphenicol-এর বিরুদ্ধে ১৪.৯ শতাংশ হওয়ায় ওষুধ দুটি আবার কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রক্তে ছত্রাকের সংক্রমণ: রক্তের ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে yeast পাওয়া গেছে। Candida albicans ও Candida tropicalis—দুটিরই ২২টি করে নমুনা শনাক্ত হয়েছে। এরপর রয়েছে Candida ciferrii-এর ১৮টি নমুনা। এ প্রজাতির ৭১.২ শতাংশ fluconazole-প্রতিরোধী, আগের বছর যা ছিল ৪০ শতাংশ। তবে micafungin সব প্রজাতির বিরুদ্ধে কার্যকর ছিল।

কেন বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ

প্রতিবেদনের ভূমিকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে ‘নীরব মহামারি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধ সেবন, রোগীর চাপ, নিজে নিজে ওষুধ গ্রহণ, অপর্যাপ্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং রোগনির্ণয় ছাড়াই বিস্তৃত কার্যকারিতার অ্যান্টিবায়োটিক প্রয়োগকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে হাসপাতালগুলোকে প্রতিরোধী জীবাণুর বিস্তারের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে। এক হাসপাতাল থেকে প্রতিরোধী জীবাণুতে আক্রান্ত রোগীর মাধ্যমে অল্প সময়ের মধ্যে অন্য এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ওষুধ-প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস ও যক্ষ্মার মতো রোগের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুঝুঁকি বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধ ব্যবহারের প্রয়োজন হচ্ছে। ফলে পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর আর্থিক চাপ বাড়ছে। ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার এবং আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে পড়ছে।

সীমাবদ্ধতা ও করণীয়

প্রতিবেদনে গবেষণার কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও পরীক্ষাগারের তথ্যব্যবস্থা না থাকায় সংগৃহীত নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ নাকি জরুরি বিভাগ থেকে এসেছে, তা আলাদা করা সম্ভব হয়নি। রোগীদের আগে অ্যান্টিবায়োটিক সেবনের ইতিহাসও পাওয়া যায়নি। ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার তুলনায় বেশি দেখাতে পারে। তবে External Quality Assessment Scheme (EQAS), অভ্যন্তরীণ মাননিয়ন্ত্রণ এবং মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এএমআর মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানভিত্তিক অ্যান্টিবায়োটিক নীতিমালা প্রণয়ন, নজরদারি সম্প্রসারণ, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি চালু, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো। মানুষ ও প্রাণীর চিকিৎসায় দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও বলা হয়েছে।

এ ছাড়া আইসিইউতে কার্বাপেনেমের ব্যবহার সীমিত করা, কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থা চালু, vancomycin, linezolid ও colistin-প্রতিরোধী জীবাণুর উপস্থিতি আণবিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে ওষুধ-প্রতিরোধী যক্ষ্মাসহ ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদারের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনটি সমন্বয়, রচনা ও সংকলন করেছেন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. আবু নাসের ইবনে সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতুসহ বিভাগের শিক্ষক এবং এমডি রেসিডেন্ট চিকিৎসকেরা। প্রতিবেদনে বলা হয়েছে, এর তথ্য নীতিনির্ধারক, চিকিৎসক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।

এক নজরে প্রতিবেদন: মোট পরীক্ষিত নমুনা ৫০ হাজার ৮৪৪টি। জীবাণু শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৫১টিতে। প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর মধ্যে কার্বাপেনেম প্রতিরোধের হার ৩৬.২ শতাংশ। আইসিইউর শ্বাসনালির নমুনায় এ হার ৯৫ শতাংশের বেশি। এমআরএসএর হার ২৬.৩ শতাংশ। টাইফয়েডের জীবাণুর মধ্যে ciprofloxacin প্রতিরোধ ৫০ শতাংশ। প্রস্রাবের E. coli-তে nitrofurantoin প্রতিরোধ ৫০.১ শতাংশ।

প্রতিবেদনটির তথ্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে চিকিৎসকের পরামর্শ, নির্ধারিত মাত্রা ও সময় মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসক, রোগী, নীতিনির্ধারক এবং প্রাণিস্বাস্থ্য খাতকে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
//ডিবিটেক/আ্ইইচ/এসএমই/এফওপিটিই//