দক্ষিণ এশিয়ায় ব্যবহারের হার ৬৬ শতাংশ

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ

  • বাংলাদেশে আইপিভি৬ ব্যবহার দক্ষিণ এশিয়ার তুলনায় অনেক কম
  • নেটওয়ার্ক নিরাপত্তাকে অপরিহার্য শর্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা
  • ২০২৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে স্যানগ সম্মেলন

আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
১৪ নভেম্বর, ২০২৬ ১৮:৩৮  

বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামোর আধুনিকায়ন ও নেটওয়ার্ক নিরাপত্তা জোরদারে আইপিভি৬ (ইন্টারনেট প্রোটোকল ভার্সন ৬) বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। আঞ্চলিক গড়ের তুলনায় এই ব্যবধান দেশের ইন্টারনেট নেটওয়ার্কের আধুনিকায়ন, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্প্রসারণে নীতিগত উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে বক্তারা এ তথ্য তুলে ধরে আইপিভি৬ বাস্তবায়নে সরকারি উদ্যোগ এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। ১৪ নভেম্বর, শনিবার কক্সবাজারের লং বিচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান বক্তা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। এ অবস্থায় আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। নেটওয়ার্ক নিরাপত্তার বিবেচনায়ও এটি ভালো উদাহরণ নয়।

তিনি বলেন, নেটওয়ার্ক নিরাপত্তা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি নিশ্চিত করতেই হবে। একই সঙ্গে তিনি জানান, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (স্যানগ) ২০২৭ সালের সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

আইপিভি৬ বাস্তবায়নে দেশীয় বক্তারা সরকারের সক্রিয় উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাদের মতে, সরকার কার্যকর উদ্যোগ নিলে এ প্রযুক্তি বাস্তবায়নের কাজ সহজ হবে। এ বিষয়ে শিল্পসংশ্লিষ্টরা সরকারের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ। তিনি বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প তিনি দেখেন না। দেশের সর্বত্র এ প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (আইএসপিএবি) ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিল্প খাত থেকে এ বিষয়ে কোনো প্রস্তাবনা পাওয়া গেলে বিটিআরসি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান এবং আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, বিডিনগ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক একসঙ্গে কাজ করতে পারলে দেশের আইএসপি খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য তিনি তিন সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালায় অ্যাডভান্সড রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবারের সম্মেলনে আগের আয়োজনগুলোর তুলনায় বিদেশি বক্তাদের উপস্থিতিও বেশি ছিল বলে জানান তিনি।

সম্মেলনের স্থানীয় মূল বক্তা গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও সে অনুপাতে রাজস্ব বাড়ছে না। তাঁর উপস্থাপনায় এ পরিস্থিতি থেকে উত্তরণের বিভিন্ন উপায় তুলে ধরা হয়।

বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে গত ১১ নভেম্বর কক্সবাজারে বিডিনগের কারিগরি কর্মশালা শুরু হয়। ১১ থেকে ১৩ নভেম্বর কর্মশালা এবং ১৪ নভেম্বর মূল সম্মেলনের মধ্য দিয়ে চার দিনের এ আয়োজন শেষ হয়।

সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ক্ষেত্র তৈরি হয়।

বিডিনগের আয়োজনে সম্মেলনের সহ-আয়োজক ছিল দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) আয়োজনটিতে সহযোগিতা করে। ইন্টারনেট পার্টনার ছিল আম্বার আইটি লিমিটেড। সম্মেলনে এপনিকের নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতির জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
//ডিবিটেক/এইচটিএইচ/এসসিডিই/এফওইডি//