বাংলাদেশের পেমেন্ট আধুনিকায়নে নতুন নেতৃত্ব
স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
- বাংলাদেশের ব্যাংক ও অংশীদারদের সঙ্গে পেমেন্ট আধুনিকায়নে কাজ করবেন
- মাস্টারকার্ড ও ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশ কার্যালয় প্রতিষ্ঠার অভিজ্ঞতা রয়েছে
- টোকেনাইজেশন ও ভার্চুয়াল কার্ড চালুর প্রযুক্তি সেবা দেবে স্ট্যানশন
আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতে পেমেন্ট আধুনিকায়ন সেবাদাতা বৈশ্বিক প্রতিষ্ঠান স্ট্যানশন পেমেন্টস বাংলাদেশের উপদেষ্টা হিসেবে সৈয়দ মোহাম্মদ কামালকে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে দেশের ব্যাংকগুলোর বিদ্যমান কার্ড ব্যবস্থাপনা সিস্টেমের ওপর আধুনিক টোকেনাইজেশন ও ভার্চুয়াল কার্ড ইস্যু করার মতো উন্নত প্রযুক্তি যুক্ত করার প্রক্রিয়া আরও গতিশীল হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই দায়িত্বে তিনি বাংলাদেশের কার্ড ইস্যুকারী ব্যাংক এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে স্ট্যানশন পেমেন্টসের ব্যবসায়িক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। এর আগে তিনি মাস্টারকার্ডের বাংলাদেশ কার্যালয় প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকে বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আর্থিক সেবা, ভোগ্যপণ্য, রেমিট্যান্স এবং ডিজিটাল পেমেন্ট খাতে সৈয়দ মোহাম্মদ কামালের ৩৫ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৩ সালে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিয়ে স্থানীয় দফতর চালু করেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালে বাংলাদেশে মাস্টারকার্ড ইস্যুকারী ব্যাংকের সংখ্যা ২টি থেকে বেড়ে ২৬টিতে উন্নীত হয়। এ ছাড়া তার নেতৃত্বে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও কার্ডের মধ্যে আন্তঃলেনদেন সুবিধা এবং জাতীয় আন্তঃলেনদেনযোগ্য কিউআর মানদণ্ড 'বাংলা কিউআর' তৈরিতে প্রতিষ্ঠানটি যুক্ত ছিল।
মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে সৈয়দ মোহাম্মদ কামাল ওয়েস্টার্ন ইউনিয়নে সাত বছরেরও বেশি সময় কাজ করেছেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয় স্থাপন করেন এবং কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেন।
সৈয়দ মোহাম্মদ কামাল ২০২৬ সালের জুনে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম বাংলাদেশ) ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০২৩ সাল থেকে তিনি চেম্বারটির সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পরিচালক হিসেবেও টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
স্ট্যানশন পেমেন্টসের প্রতিনিধিদলের ঢাকা সফরের পর তাকে এই নিয়োগ দেওয়া হলো। প্রায় ১৭ কোটি ৬০ লাখ জনসংখ্যার এই দেশে গড় বয়স ২৫ থেকে ২৬ বছর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট প্রসারে নেওয়া উদ্যোগের ফলে দেশের আর্থিক খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্ট্যানশন পেমেন্টসের আধুনিকায়ন প্ল্যাটফর্ম 'পেমেন্ট ফ্যাব্রিক' ব্যাংকের বিদ্যমান কার্ড ব্যবস্থাপনা সিস্টেমের ওপর যুক্ত হয়ে টোকেনাইজেশন ও ভার্চুয়াল কার্ড ইস্যু করার মতো সক্ষমতা যোগ করে। এর ফলে ব্যাংকগুলো কম জটিলতা, কম খরচ ও কম ঝুঁকিতে দ্রুত নতুন সেবা চালু করতে পারে। বিশ্বব্যাপী ৬০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা প্রদানকারী স্ট্যানশন পেমেন্টসের স্থানীয় রিসেলার ও ইন্টিগ্রেশন অংশীদার 'এন-এবল'-এর সঙ্গে মিলে সৈয়দ মোহাম্মদ কামাল বাংলাদেশের ব্যাংকগুলোর পেমেন্ট আধুনিকায়ন কর্মসূচিতে কাজ করবেন।
এ প্রসঙ্গে স্ট্যানশন পেমেন্টসের চিফ গ্রোথ অফিসার নরম্যান ফ্রাঙ্কেল বলেন, সৈয়দ মোহাম্মদ কামালকে স্ট্যানশন পেমেন্টসে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং এশিয়া-প্যাসিফিক (এপ্যাক) অঞ্চলের উপদেষ্টা হিসেবে তিনি প্রতিষ্ঠানের দলের জন্য অত্যন্ত উপযুক্ত।
নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ২০১৩ সালে তিনি যখন মাস্টারকার্ডে কাজ শুরু করেন, তখন এখানকার তিনটি ব্যাংক কার্ড ইস্যু করত। এখন দেশে বাংলা কিউআর এবং প্রথম টোকেনাইজড ওয়ালেট চালু হয়েছে। তিনি যেসব ব্যাংকের সঙ্গে কথা বলেন, তাদের দীর্ঘদিনের পুরনো কোর সিস্টেমে নতুন ফিচার যুক্ত করার চাহিদা তৈরি হয়েছে। স্ট্যানশন পেমেন্টস বিশ্বের অন্যান্য বাজারে এ কাজ সফলভাবে করেছে এবং সেই অভিজ্ঞতা তিনি বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে পৌঁছে দিতে চান।
উল্লেখ্য, ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর, বুধবার থেকে শুক্রবার সিঙ্গাপুর এক্সপোতে অনুষ্ঠিত সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে স্ট্যানশন পেমেন্টসের এশিয়া-প্যাসিফিক বাজার প্রধান ও জ্যেষ্ঠ নেতৃত্বের দলের সঙ্গে যোগ দেন সৈয়দ মোহাম্মদ কামাল। এর মাধ্যমে তিনি অঞ্চলজুড়ে প্রতিষ্ঠানটির স্থানীয় উপদেষ্টা নেটওয়ার্কে যুক্ত হলেন।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





