আইসিটি সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচন ১৮ ডিসেম্বর
- নয়টি পদে ভোট হবে ১৮ ডিসেম্বর
- মনোনয়নপত্র সংগ্রহ ২১–২৩ নভেম্বর
- চূড়ান্ত ফল ২১ ডিসেম্বর ঘোষণা
তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও টেলিকম খাতের সাংবাদিকদের নিবন্ধিত প্রথম সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর, শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নয়টি পদে এই নির্বাচন হবে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু সালেহ আকন এবং সদস্য মেহেদী হাসান পলাশ ও মো. সুমন ইসলামের গত ১৮ নভেম্বর বুধবার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ও তফসিলে নির্বাচনের সময়সূচি এবং নিয়মাবলি জানানো হয়।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক এবং প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে একজন করে নির্বাচিত হবেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হবেন দুজন। সব মিলিয়ে পদসংখ্যা নয়টি।
পদভেদে মনোনয়নপত্র জমা দেওয়ার ফি নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে ১০ হাজার, সহ-সভাপতি পদে ৮ হাজার, সাধারণ সম্পাদক পদে ৬ হাজার, যুগ্ম সম্পাদক পদে ৫ হাজার এবং কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ৪ হাজার টাকা করে ফি দিতে হবে। নির্বাহী সদস্য পদের মনোনয়নপত্রের ফি ৩ হাজার টাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার ওপর আপত্তি জানানোর শেষ সময় ছিল ১৯ নভেম্বর বিকেল ৪টা। ২০ নভেম্বর বিকেল ৩টায় লিখিত আপত্তির শুনানি ও নিষ্পত্তির পর রাত ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।
আগ্রহী প্রার্থীরা ২১ থেকে ২৩ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার পান্থপথের সুমনা গণি ট্রেড সেন্টারে অবস্থিত প্রাইডসিস আইটি লিমিটেডের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ নভেম্বর বিকেল ৫টা।
তফসিলে বলা হয়েছে, মনোনয়নপত্রের ফটোকপি কোনোভাবেই গ্রহণ করা হবে না। মনোনয়নপত্রের জন্য জমা দেওয়া ফিও ফেরতযোগ্য নয়।
মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর বিকেল ৪টায়। এ তালিকার বিষয়ে লিখিত আপত্তি জানানোর শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা। ২৬ নভেম্বর বিকেল ৪টায় আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে রাত ৮টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ নভেম্বর বিকেল ৪টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৯ নভেম্বর বিকেল ৪টায়।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, কেবল সংগঠনের ভোটাররাই নির্ধারিত ফি নগদ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে চূড়ান্তভাবে কেবল একটি পদে প্রার্থিতা বহাল রাখা যাবে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে অন্য পদগুলোর মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। সময়সীমা পার হওয়ার পর কোনো প্রার্থীর একাধিক মনোনয়নপত্র বহাল থাকলে সব কটি বাতিল বলে গণ্য হবে।
মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর পেশাগত পরিচয়পত্র, হালনাগাদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে। ভোটের আগে ৫ ডিসেম্বর বিকেল ৩টায় প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভোট গ্রহণ চলবে। ওই দিন ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
প্রাথমিক ফলাফলের বিরুদ্ধে লিখিত আপত্তি জানানোর শেষ সময় ১৯ ডিসেম্বর বিকেল ৪টা। ২০ ডিসেম্বর বিকেল ৪টায় এসব আপত্তির শুনানি ও সিদ্ধান্ত নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে ২১ ডিসেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
//ডিবিটেক/ডিএমও/এসএমই/এমআইটি//





