ক্ষুদ্র মাপকাঠি বনাম মহৎ স্বপ্ন:
বাংলাদেশের প্রযুক্তি ভবিষ্যৎ ও ‘সিলিকন রিভার’ বিনির্মাণের লড়াই
মূল হাইলাইটস |
|
পৃথিবীতে এমন একশ্রেণির মানুষ থাকেন, যাঁরা নিজেরা কেবল পিছিয়ে থাকেন না—তাঁরা চান আশপাশের সবাই যেন তাঁদের নিজস্ব সীমাবদ্ধতার গণ্ডিতেই আটকে থাকেন। তাঁদের সবচেয়ে বড় সংকট হলো, তাঁরা গোটা পৃথিবী ও সম্ভাবনাকে পরিমাপ করেন নিজেদের সংকীর্ণ মাপকাঠি দিয়ে।
এঁদের একটি অংশ আজকাল বিশ্বের নামীদামি বা স্বনামধন্য ব্র্যান্ড-নেম প্রতিষ্ঠানে চাকরি করেন। আর তাঁদের প্রধান মঞ্চ বা ‘থিয়েটার’ হলো ফেসবুকের বাংলাদেশি কমিউনিটিগুলো এবং প্রবাসীদের ঘরোয়া আড্ডা। সেই ভার্চুয়াল মঞ্চে নিজেদের পদবি ও কোম্পানির লোগো প্রদর্শন করে তাঁরা এমন এক ভাবভঙ্গি দেখান, যেন বৈশ্বিক জ্ঞানের সবটুকু তাঁদের করায়ত্ত। অথচ বাস্তবতা হলো—ফেসবুকের এই তথাকথিত ‘অভিজাত’ বা ‘সবজান্তা’ মানুষগুলো নিজেরাই প্রতি মুহূর্তে এক অদৃশ্য শঙ্কায় দিন কাটান: এই বুঝি পরবর্তী ছাঁটাইয়ের (Layoff) তালিকায় নিজের নামটি চলে এলো!
নিজের জীবিকার ওপরই যাঁদের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই, যাঁরা একটি বিশাল যন্ত্রের কেবল ছোট একটি নাট-বল্টু হয়ে টিকে আছেন—কিংবা যাঁরা ধরেই নিয়েছেন সেমিকন্ডাক্টর মানেই কেবল ‘ভিএলএসআই (VLSI) ডিজাইনের’ সীমাবদ্ধ গণ্ডিতে আটকে থাকা—তাঁরা যখন বড় কিছু গড়ার স্বপ্ন দেখা মানুষদের উপদেশ দিতে আসেন, তখন তা এক হাস্যকর বাস্তবতায় রূপ নেয়।
ফেসবুকের কমেন্ট বক্সে কিংবা আড্ডায় বড় বড় বুলি আওড়ানো এই মানুষগুলোকে যদি জিজ্ঞেস করা হয়—নিজের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দৃঢ়ভাবে কথা বলতে পারবেন কি না, কিংবা দেশের জন্য একটি বড় প্রকল্প বা বিনিয়োগের ঝুঁকি নিতে পারবেন কি না—তখনই প্রকৃত চিত্র সামনে আসে। তাঁরা কখনোই বাংলাদেশের পক্ষে বাজি ধরতে চান না। অন্য দেশের ডায়াস্পোরা যেখানে বৈশ্বিক প্রযুক্তির নেতৃত্ব গড়ে তুলছে, সেখানে আমাদের এই ফেসবুক-সর্বস্ব অভিজাতদের বড় অংশ নিজেদের স্বার্থ গোছাতে আর সমালোচনায় ব্যস্ত থাকেন। এর পেছনে যেমন কাজ করে কৃত্রিম আভিজাত্যবোধ ও অঙ্গীকারের ঘাটতি, তেমনি কাজ করে সাহসের অভাব। তাই নিজেদের অক্ষমতা আড়াল করতে তাঁরা দূর থেকে বসে ‘বাস্তববাদী’ ভঙ্গিতে অজুহাত সাজান—‘বাংলাদেশে পুঁজি নেই, রিসোর্স নেই, রাজনৈতিক অস্থিরতা আছে, বাংলাদেশ এখনো প্রস্তুত নয়’।
অথচ বিশ্ব ইতিহাস ও বাস্তবতা তাঁদের প্রতিটি অজুহাতকে প্রশ্নবিদ্ধ করে:
-
পুঁজি বা রিসোর্সই যদি সব হতো: তবে ট্রিলিয়ন ডলারের সম্পদ থাকা সত্ত্বেও উপসাগরীয় দেশগুলো কেন আজও প্রযুক্তি-পরাশক্তি হতে পারল না? অথচ প্রাকৃতিক সম্পদহীন দক্ষিণ কোরিয়া কিংবা চারপাশ থেকে অস্তিত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা ছোট্ট ইসরায়েল ও তাইওয়ান আজ সেমিকন্ডাক্টর, এআই এবং উদ্ভাবনে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
-
পানি বা পরিবেশই যদি বাধা হতো: তবে মরুভূমির পানিসংকটপূর্ণ অ্যারিজোনায় ইন্টেল ও টিএসএমসি (TSMC) কীভাবে বিশ্বমানের চিপ ফ্যাব গড়ে তুলল? ১৯৭২ সালে জলাভূমির ওপর গড়ে ওঠা মালয়েশিয়ার পেনাং প্ল্যান্ট ১৯৭৫ সালে আগুনে পুড়ে যাওয়ার পরও ১৯৭৬ সালে ঘুরে দাঁড়িয়ে আজ বিশ্বমানের প্যাকেজিং হাবে পরিণত হয়েছে।
-
রাজনৈতিক অস্থিরতা বা দুর্নীতিই যদি একমাত্র অজুহাত হতো: তবে বড় ধরনের কেলেঙ্কারি ও বারবার সরকার পরিবর্তনের পরও জাপান ও কোরিয়ার প্রযুক্তির অগ্রযাত্রা এক মুহূর্তের জন্যও থামেনি কেন?
-
বিশাল বাজেট বা সরকারি প্রকল্পই যদি একমাত্র পথ হতো: তবে ২০০৩ সালে হার্ভার্ডের এক শিক্ষার্থীর কোড থেকে শুরু হওয়া ফেসবুক কীভাবে আজ ৩৬৪ কোটি মানুষের প্ল্যাটফর্ম হলো, কিংবা মাত্র আটজন প্রকৌশলীর হাত ধরে শুরু হওয়া সিলিকন ভ্যালি কীভাবে আজ ৭৫৫ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হলো?
মূল সত্য হলো—প্রযুক্তি-পরাশক্তি গড়ে ওঠে না কেবল অর্থ, আয়তন বা প্রাকৃতিক সম্পদ দিয়ে; তা গড়ে ওঠে যোগ্যতা, সাহস, শৃঙ্খলা, সততা এবং বাস্তবায়নের (Execution) সক্ষমতা দিয়ে।
যে মানুষটি সারা জীবন নিরাপদ এক বলয়ের ভেতর ছকবাঁধা চাকরি করে আর ভার্চুয়াল প্রশংসায় তৃপ্ত থেকেছেন, তাঁর পক্ষে এই সাহসী রূপান্তর অনুধাবন করা কঠিন। তাই যখনই কেউ প্রচলিত ছক ভেঙে ‘সিলিকন রিভার’-এর মতো বড় কিছু গড়ার স্বপ্ন দেখেন, তখন এই মানুষগুলো সবার আগে সংশয় নিয়ে সামনে দাঁড়ান। মুখে তাঁরা ‘বাস্তববাদী’ হওয়ার পরামর্শ দেন, কিন্তু অন্তরালে কাজ করে অনিশ্চয়তা ও হীনম্মন্যতা। তাঁরা আশঙ্কা করেন, অন্য কেউ সফল হলে তাঁদের সারা জীবনের ‘নিরাপদ’ ও রক্ষণশীল সিদ্ধান্তগুলোর সীমাবদ্ধতা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে।
তাঁরা আড়ালে বসে সন্দেহ ছড়ান, প্রতিবন্ধকতা তৈরি করেন এবং পেছন থেকে টেনে ধরতে চান। কিন্তু যে মুহূর্তে সরাসরি যুক্তি ও বাস্তবতা দিয়ে তাঁদের মুখোশ খুলে দেওয়া হয়, ঠিক তখনই তাঁরা অবস্থান বদলে ‘ভিকটিম’ বা অসহায় সাজার কৌশল নেন। তখন মূল লক্ষ্য চাপা পড়ে যায়; শুরু হয় ‘কঠোরতা’ বা ‘আচরণ’ নিয়ে নীতিবাক্য শোনানোর পালা।
আজ আমাদের বিবেককে কয়েকটি নির্মম ও মৌলিক প্রশ্ন করার সময় এসেছে:
-
আমরা কি সারা জীবন কেবল ঘণ্টা হিসেবে সস্তা শ্রম বিক্রি করে যাব, নাকি বিশ্বমানের ব্র্যান্ড ও উদ্ভাবনের মালিক হব?
-
পৃথিবীর অন্যতম সর্বনিম্ন ট্যাক্স-টু-জিডিপি অনুপাতের এই দেশে নগদ প্রণোদনা দিয়ে উদ্ভাবন কেনা সম্ভব নয়—এখানে প্রয়োজন সঠিক নীতি, প্রকৌশলগত দক্ষতা এবং অদম্য সংকল্প।
-
আজ যদি বাংলাদেশ ও পৃথিবীর সব বাংলাদেশি হঠাৎ অদৃশ্য হয়ে যান, তবে এই ৮০০ কোটি মানুষের পৃথিবী কী হারাবে? কেউ কি আমাদের মনে রাখবে?
যাঁরা পেছন থেকে টেনে ধরতে চান, তাঁদের জবাব দেওয়ার একমাত্র পথ হলো—এমন গতিতে ও এমন উচ্চতায় কাজ করে যাওয়া, যেখানে তাঁদের সংকীর্ণ মাপকাঠি আর পৌঁছাতেই পারবে না।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
| লেখক | আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেমিকন্ডাক্টর গবেষক ও প্রযুক্তিবিদ; প্রধান স্থপতি, সিলিকন রিভার (Silicon River); অধ্যাপক, স্কুল অব ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পারডিউ ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র। |
[সম্পাদকীয় নোট]
প্রযুক্তি খাতে আত্মবিশ্বাস, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেমিকন্ডাক্টর গবেষক অধ্যাপক মুহাম্মদ মুস্তফা হুসাইনের এই লেখাটি অত্যন্ত তীক্ষ্ণ ও সরাসরি। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও প্রযুক্তি ইতিহাসের নানা বাস্তব উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন যে, সীমাবদ্ধতার অজুহাত দিয়ে বড় স্বপ্নকে আটকে রাখা যায় না। বিশেষ করে বাংলাদেশ ও প্রবাসী পেশাজীবীদের মধ্যে বাস্তবসম্মত ঝুঁকি নেওয়া, উদ্ভাবনের মালিকানা তৈরি এবং তাত্ত্বিক গণ্ডির বাইরে গিয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার যে আহ্বান এখানে উঠে এসেছে, তা প্রযুক্তি নীতি ও উদ্যোক্তা মহলে গভীর আলোচনার দাবি রাখে। লেখকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও দৃঢ় অবস্থান অক্ষুণ্ণ রেখে নিবন্ধটি সম্পাদকীয় প্রমিতকরণসহ প্রকাশ করা হলো।
ডিসক্লেইমার |||
আলোচ্য নিবন্ধে প্রকাশিত মতামত, সমালোচনা, ঐতিহাসিক তুলনা এবং ব্যক্তিগত পর্যবেক্ষণসমূহ সম্পূর্ণরূপে লেখকের নিজস্ব। এখানে উল্লিখিত কোনো মন্তব্য বা বিশ্লেষণ ডিজিটাল বাংলামিডিয়া সম্পাদকীয় পর্ষদের প্রাতিষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হবে না।





