৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ বাংলাদেশ

১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পরিকল্পনা

  • প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু
  • বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পরিকল্পনা
১৭ নভেম্বর, ২০২৬ ১৮:১৫  

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করে সফলভাবে জাতীয় গ্রিডের সাথে সিনক্রোনাইজেশন সম্পন্ন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

১৭ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় পাবনার ঈশ্বরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো যায়।

সংযোগ পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অবদান রয়েছে।”

মন্ত্রী আরও জানান, আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে অত্যন্ত সন্তুষ্ট এবং এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।” এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং রূপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাই ও দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

ড. কবীর হোসেন আরও জানান, কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় ট্রায়াল অপারেশনের জন্য জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে। রাশিয়ান ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এটি সাময়িকভাবে গ্রহণ (Provisional Takeover) করবে। পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

টি ইউনিটের প্রতিটির ১২০০ মেগাওয়াট করে সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//