ভর্তি সিদ্ধান্তে ফিরল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা
নিজস্ব আইনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়
- ৯ নভেম্বরের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
- নিজস্ব আইন ও নীতিমালায় ভর্তি কার্যক্রম পরিচালনার সুযোগ
- একাডেমিক স্বায়ত্তশাসন বহাল রাখল ইউজিসি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে নিজস্ব আইন, সংবিধি, বিধি ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্তই কার্যকর হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দেওয়া অনুরোধসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
১৮ নভেম্বর,বুধবার সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।
সভায় গত ৯ নভেম্বর উপাচার্যদের সভায় নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে ৯ নভেম্বরের সভায় এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
তবে ওই সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি স্পষ্ট করতে ১৮ নভেম্বর বিশেষ সভা আহ্বান করা হয়।
বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের বিষয়টি অন্যতম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সিদ্ধান্ত হয়।
সভায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে।
ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সিদ্ধান্তের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এগোতে পারবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//





