ডিজিটাল সেন্টারের আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
- ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।
- নাগালের দুই কিলোমিটারের মধ্যে সেবা দিতে গ্রামীণ সেন্টারের প্রস্তাব।
- স্টার ইনসেনটিভ প্রোগ্রামে ১৮ জন উদ্যোক্তাকে পুরস্কার প্রদান।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে দেশের ডিজিটাল সেন্টারগুলোর আধুনিকায়নে পাঁচটি প্রধান অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক যৌথ বেজলাইন জরিপে সুশাসন জোরদার, অভিন্ন সেবার মান, উদ্যোক্তাদের উন্নত প্রশিক্ষণ, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো এবং টেকসই আয়ের মাধ্যমে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেন্টার গড়ে তোলার এই সুপারিশ করা হয়। পাশাপাশি নাগরিকদের বাড়ির দুই কিলোমিটারের মধ্যে সেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল সেন্টার স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
২৪ নভেম্বর, মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত জাতীয় কর্মশালা ও নীতি সংলাপে জরিপের এই ফলাফল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ‘ডিজিটাল সেন্টার ২.০: স্টার ইনসেনটিভ প্রোগ্রাম’-এর আওতায় তিনটি বিভাগে ১৮ জন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সহায়তায় এটুআই ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, এনডিসি। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
প্যানেল আলোচক ও অংশগ্রহণকারীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব (ডিজিটাল গভর্ন্যান্স অ্যান্ড সিকিউরিটি উইং) মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (ইউনিয়ন পরিষদ উইং) মোহাম্মদ আলমগীর হোসেন, এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট শামস উল আরেফিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রকিবুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জুবায়ের আহমেদ, ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শিলা তাসনিম হক, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমির এবং বাংলাদেশ ব্লাইন্ড মিশনের পরামর্শক মো. এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ফারাহ শাম্মী উদ্যোক্তাদের স্বতন্ত্র পেশাগত পরিচয়ের স্বীকৃতি দিতে বিশেষ পদবি বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য টেকসই ব্যবসায়িক মডেল তৈরির আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, উদ্যোক্তারা প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সেবার সঙ্গে যুক্ত করছেন। আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) এবং একটি সমন্বিত নীতি কাঠামো ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জ সমাধান করে কাজের পরিবেশ ও সেবার মান উন্নত করবে এবং টেকসই উন্নয়নে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট শামস উল আরেফিন খান জানান, নাগরিকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তারহীন উচ্চগতির ইন্টারনেট, বিশেষায়িত এজেন্ট ব্যাংকিং, প্রবাসী হেল্পলাইন সম্প্রসারণ এবং অন্যান্য উদ্ভাবনী সেবা। এটুআই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্টার ইনসেনটিভের মাধ্যমে উদ্ভাবনের স্বীকৃতি এবং সফল উদ্যোগগুলো সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে।
দেশের আটটি বিভাগের ৬৪ জেলার ১০০টি সেন্টারের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিক তাদের সাম্প্রতিক সেবা নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করলেও ৭৫ শতাংশ সেন্টারে হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প এবং ৬০ শতাংশ সেন্টারে আনুষ্ঠানিক এসওপি নেই বলে উঠে এসেছে। মাত্র ৬ শতাংশ উদ্যোক্তা নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেন, যদিও প্রশিক্ষণ পেলে ৮৪ শতাংশ উদ্যোক্তা এটি ব্যবহারে আগ্রহী। জরিপ অনুযায়ী, ৫৯ শতাংশ উদ্যোক্তার মাসিক আয় ২৫ হাজার টাকার বেশি।
ভবিষ্যতের ডিজিটাল সেন্টারের জন্য এআই ব্যবহারের ক্ষেত্রে অনুষ্ঠানে তিনটি সম্ভাব্য প্রয়োগ তুলে ধরা হয়—আবেদনের সর্বশেষ অবস্থা জানা, সরকারি সেবাসংক্রান্ত তথ্য প্রদান এবং কথা থেকে লেখায় রূপান্তর (স্পিচ-টু-টেক্সট)। এ ছাড়া সহজলভ্য ও নাগরিককেন্দ্রিক সেবা প্রদর্শনের জন্য 'মাইগভ হোয়াটসঅ্যাপ সিটিজেন-সার্ভিস অ্যাসিস্ট্যান্ট'-এর একটি নমুনা সংস্করণ (প্রোটোটাইপ) উপস্থাপন করা হয়।
//ডিবিটেক/আরআইএসসি/ডিআরই/এফওইডি//





