আইওটি গিজার ও রুম হিটার

শীতকে সামনে রেখে ওয়ালটনের নতুন হোম অ্যাপ্লায়েন্স

  • আইওটি সুবিধাসম্পন্ন স্মার্ট গিজারসহ নতুন মডেলের ইলেকট্রিক কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন
  • ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন গৃহস্থালি পণ্যগুলো উন্মোচন করেন অভিনেত্রী কেয়া পায়েল
  • গিজারগুলোতে সাত বছরের ওয়ারেন্টিসহ অ্যালেক্সা ও গুগল হোম ভয়েস কমান্ড সুবিধা রয়েছে

শীতকে সামনে রেখে ওয়ালটনের নতুন হোম অ্যাপ্লায়েন্স
১৯ নভেম্বর, ২০২৬ ১৫:০৩  

আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে উন্নত প্রযুক্তি, স্মার্ট কানেক্টিভিটি ও বাড়তি সুরক্ষা সুবিধাসংবলিত প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার বাজারে এনেছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটন। 

১৯ নভেম্বর, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, নতুন উন্মোচিত গিজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ৪৫ লিটারের ‘অ্যাকোয়াওয়ার্ম’ (AquaWarm) স্মার্ট গিজার, যাতে ইন্টারনেট অব থিংস (আইওটি) ভিত্তিক ওয়াই-ফাই কানেক্টিভিটি, মোবাইল অ্যাপ নিয়ন্ত্রণ এবং আমাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড সুবিধা রয়েছে। এ ছাড়া ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেলে ডুয়াল-মাউন্টিং ইনস্টলেশন ও দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এবং ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেলে উচ্চ তাপমাত্রা ও চাপ-প্রতিরোধী প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে এবং রেট্রো ক্লাসিক সিরিজের আওতায় বেশ কয়েকটি নতুন ইলেকট্রিক কেটলি এনেছে প্রতিষ্ঠানটি। এর বাইরে একটি বহুমুখী রুম হিটার উন্মোচন করা হয়েছে, যাতে হিটিং, এয়ার কুলিং এবং হিউমিডিফিকেশন—এই তিনটি সুবিধা একসঙ্গে থাকায় এটি শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতেই ব্যবহারের উপযোগী।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ১৮ নভেম্বর, বুধবার   অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল নতুন এই হোম অ্যাপ্লায়েন্সগুলোর মোড়ক উন্মোচন করেন।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস প্রধান মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানদণ্ড অনুসরণ করে হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করে। তিনি আরও জানান, নতুন গিজারগুলোতে মরিচা ও খনিজ জমাট বাঁধা রোধে অ্যান্টি-করোশন এবং অ্যান্টি-স্কেলিং প্রযুক্তির পাশাপাশি সিএফসি-মুক্ত অগ্নি-প্রতিরোধী থার্মাল ইনসুলেশন ও অতিরিক্ত তাপমাত্রা রোধে অটোমেটিক কাট-অফসহ ডাবল-পোল থার্মোস্ট্যাট যুক্ত করা হয়েছে। গিজারগুলোতে সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন এবং ব্যবহারকারীরা ‘ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস’ অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে স্মার্ট গিজারটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তিনি উল্লেখ করেন, ওয়ালটনের ইলেকট্রিক কেটলিগুলোতে ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল (এফসিএম) মানদণ্ড মেনে ফুড-গ্রেড উপাদান ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থা টিইউভি সুড (TÜV SÜD) কর্তৃক পরীক্ষিত। টেকসই উৎপাদন ও গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে ওয়ালটন তাদের হোম অ্যাপ্লায়েন্সে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপাদানের সংযোজন অব্যাহত রেখেছে।                       //ডিবিটেক/ডব্লিউপিআরএমএসএম/এসএমপি/এমআইএসটি//