ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 'লেন্স' সংলাপ সিরিজের যাত্রা শুরু

ডিজিটালাইজেশনের আগে প্রক্রিয়া সহজীকরণের পরামর্শ গ্রামীণফোন সিইওর

  • ব্র্যাক বিজনেস স্কুলের উদ্যোগে নতুন নেতৃত্ব সংলাপ সিরিজ 'লেন্স'-এর উদ্বোধন
  • পরিবর্তনের কারিগর হতে দ্বিমুখী নেতৃত্ব বা অ্যাম্বিডেক্সট্রাস লিডারশিপের ওপর জোর
  • বাণিজ্যিক লক্ষ্যের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান ইয়াসির আজমানের

ডিজিটালাইজেশনের আগে প্রক্রিয়া সহজীকরণের পরামর্শ গ্রামীণফোন সিইওর
১৮ নভেম্বর, ২০২৬ ০০:৫৩  

দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ডিজিটালাইজেশন বা অটোমেশনের আগেই অপ্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

১৭ নভেম্বর, মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক বিজনেস স্কুলের (বিবিএস) উদ্যোগে 'লেন্স' (লিডারশিপ, এক্সপেরিয়েন্স, নেটওয়ার্কিং অ্যান্ড শেয়ারিং) শীর্ষক নেতৃত্ব সংলাপ সিরিজের উদ্বোধনী সেশনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো যায়।

সেশনে কর প্রদানের দিক থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির এই প্রধান নির্বাহী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নেতৃত্ব, কৌশলগত সিদ্ধান্ত এবং পরিবর্তনশীল ব্যবসায়িক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। ‘লিডারস অ্যাজ চেঞ্জ মেকারস’ শীর্ষক উপস্থাপনায় ইয়াসির আজমান নেতৃত্বকে মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হিসেবে অভিহিত করেন। তিনি জানান, দ্রুত পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকতে হলে 'অ্যাম্বিডেক্সট্রাস লিডারশিপ' বা দ্বিমুখী নেতৃত্ব প্রয়োজন, যার অর্থ হলো বর্তমানের ফলাফল নিশ্চিত করার পাশাপাশি কার্যক্রম সহজ করা এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনাকে ফলাফল দিতে হবে এবং একই সঙ্গে রূপান্তর ঘটাতে হবে—দুটোই একসঙ্গে চলবে।” তাঁর মতে, ডিজিটালাইজেশন বা অটোমেশনের আগে অবশ্যই প্রক্রিয়া সহজ করতে হবে, কারণ একটি অপ্রয়োজনীয় প্রক্রিয়াকে ডিজিটাল করলে তা পরিবর্তন করা আরও কঠিন হয়ে পড়ে।

রূপান্তর কেবল মুখে বললে হয় না, বরং প্রতিদিনের আচরণ ও কাজের ধরনে পরিবর্তন আনলেই তা বাস্তব রূপ নেয় উল্লেখ করে ইয়াসির আজমান নেতাদের জন্য পাঁচটি আচরণগত পরিবর্তনের কথা তুলে ধরেন। প্রথমত, কোনো ঘাটতি বা ব্যর্থতার সাফাই না গেয়ে বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং ভিন্নভাবে কী করা যেত তা খতিয়ে দেখতে হবে; কারণ কোনো ব্যাখ্যাই ফলাফলের সংখ্যা পরিবর্তন করতে পারে না। দ্বিতীয়ত, নিজ বিভাগের সাফল্যের চেয়ে পুরো প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলকে অগ্রাধিকার দিতে হবে। তৃতীয়ত, ৭০ থেকে ৮০ শতাংশ নিশ্চয়তা পেলেই সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত শিখে ভুল সংশোধন করতে হবে, কেননা দেরিতে নেওয়া ভালো সিদ্ধান্তও ভুল হতে পারে। চতুর্থত, ভবিষ্যতের জন্য বর্তমানকে কিংবা বর্তমানের জন্য ভবিষ্যৎকে বিসর্জন না দিয়ে উভয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। পঞ্চমত, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কর্মরতদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর মতো মানসিকতা নিয়ে ভাবতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে—যাকে তিনি নেতার বিশালতা ও প্রতিদ্বন্দ্বীর ক্ষুধা হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, মানসিকতা কর্মশালায় বলা কথার বিষয় নয়, বরং মানুষ আমাদের ধারাবাহিক কাজে যা দেখে সেটিই প্রকৃত মানসিকতা।

নিজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের উদ্দেশে ইয়াসির আজমান জানান, ব্যবসা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা একসঙ্গে চলে। সমাজ টেকসই হলেই কেবল ব্যবসা টেকসই হয় উল্লেখ করে তিনি করপোরেট জগতে প্রবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের বাণিজ্যিক লক্ষ্যের পাশাপাশি সমাজে অবদান রাখার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিকে স্বাগত জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো এমন ভবিষ্যৎ নেতা তৈরি করা যারা একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস, সহমর্মিতা ও নৈতিক মানদণ্ডের সঙ্গে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারবে। শ্রেণিকক্ষে শেখা ব্যবস্থাপনার ধারণাগুলোকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করতেই 'লেন্স' উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক ইয়াসির আজমানকে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস অফিসের পরিচালক খায়রুল বাশার উপস্থিত ছিলেন। প্রথাগত বক্তৃতার পরিবর্তে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে পেশাদার নেতাদের নিয়মিত সংযোগ স্থাপন এবং একাডেমিয়া ও শিল্পখাতকে কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যে এই সিরিজটি চালু করা হয়েছে। উল্লেখ্য, এই সেশনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ (গুণগত শিক্ষা) এবং লক্ষ্যমাত্রা ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারত্ব) বাস্তবায়নে অবদান রাখছে।

//ডিবিটেক/এসসিএন/এসএমই/এফওপিটিই//