অ্যান্ড্রয়েড ফোনে যে ১০ ভুল করবেন না
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বয়স দেড় দশকেরও বেশি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা ব্যবহার করার ফলে অনেকের মনেই এর নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আবার কেউ কেউ নতুন ব্যবহারকারী হওয়ায় যন্ত্রের সঠিক যত্ন নেওয়ার কৌশল পুরোপুরি জানেন না।
পুরোনো অনেক ভ্রান্ত ধারণা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত ব্যবহারকারীরা নিজেদের ফোনের নিরাপত্তা ও কর্মক্ষমতা ঝুঁকির মুখে ফেলছেন। অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যেহেতু আলাদা কোনো পূর্ণাঙ্গ ব্যবহার নির্দেশিকা বা ম্যানুয়াল দেওয়া হয় না, তাই দৈনন্দিন ব্যবহারে কোন ভুলগুলো এড়িয়ে চলা জরুরি, তা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। একটু সচেতনতা ও সঠিক অভ্যাস আপনার স্মার্টফোনটিকে দীর্ঘদিন সচল ও সুরক্ষিত রাখতে পারে।
সফটওয়্যার আপডেট ও নিয়মিত যত্নের গুরুত্ব
ফোনের সফটওয়্যার আপডেট এড়িয়ে যাওয়া নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। নিয়মিত নিরাপত্তা আপডেটগুলো মূলত সিস্টেমের নানা ত্রুটি ও সক্রিয় সাইবার হামলার হাত থেকে ডিভাইসকে রক্ষা করে। নিরাপত্তা আপডেট অনেক দিন ধরে জমে থাকলে ব্যাংকিং বা ডিজিটাল ওয়ালেটের মতো গুরুত্বপূর্ণ অ্যাপগুলো ঠিকমতো কাজ নাও করতে পারে।
গুগল সাধারণত বড় ধরনের নিরাপত্তা ত্রুটিগুলো প্রকাশ্যে আনার আগে নির্মাতা ও চিপসেট প্রস্তুতকারকদের প্যাচ তৈরি করার সুযোগ দেয়। তাই আপডেট আসার সঙ্গে সঙ্গেই তা ইনস্টল করা এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো নিয়মিত হালনাগাদ রাখা সবচেয়ে ভালো অভ্যাস।
পাশাপাশি ফোনের সাধারণ রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্সের দিকেও নজর দেওয়া জরুরি। একসঙ্গে অনেকগুলো অ্যাপ বা প্রসেস চলতে থাকলে র্যাম ও বিশেষ মেমোরি অংশের ওপর চাপ পড়ে। মেমোরি পুরোপুরি ভরে গেলে ফোন ধীরগতির হয়ে যায় এবং প্রসেসরের ওপর চাপ পড়ে যন্ত্র অতিরিক্ত গরম হতে থাকে।
এ সমস্যা এড়াতে মাঝেমধ্যে ফোন রিস্টার্ট দেওয়া, ভারী গেম বা অ্যাপ ব্যবহার শেষে রিসেন্ট মেনু থেকে তা সরিয়ে দেওয়া, অব্যবহৃত অ্যাপ মুছে ফেলা এবং ফোনের অভ্যন্তরীণ স্টোরেজে কিছুটা জায়গা ফাঁকা রাখা উচিত।
অবিশ্বস্ত উৎস ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্কতা
গুগল প্লে স্টোরের বাইরে অপরিচিত কোনো ওয়েবসাইট বা উৎস থেকে অ্যাপ নামিয়ে ইনস্টল করা অত্যন্ত বিপজ্জনক। ক্ষতিকর অ্যাপগুলো অনেক সময় ফোনের অ্যাক্সেসিবিলিটি সুবিধার অপব্যবহার করে পর্দার তথ্য কপি করতে পারে বা ব্যাকগ্রাউন্ডে গোপনে কাজ চালাতে পারে। প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ নেওয়ার প্রয়োজন হলে উৎস সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া উচিত।
একইভাবে ‘গুগল প্লে প্রোটেক্ট’-এর মতো নিরাপত্তা ব্যবস্থা কখনোই বন্ধ করা ঠিক নয়। কোনো প্রতারক যদি ভুয়া অ্যাপ নামিয়ে প্লে প্রোটেক্টের সতর্কবার্তা উপেক্ষা করতে বলে, তবে তা কখনোই মানা উচিত নয়। যদিও প্লে স্টোরের ভেতরেও মাঝেমধ্যে ঝুঁকিপূর্ণ অ্যাপ ধরা পড়ে, তবুও সতর্কতার সঙ্গে অ্যাপ বাছাই করা জরুরি।
রুট করা ও অ্যাডভান্সড টুলের ঝুঁকি
একসময় ফোনের বাড়তি সুবিধা পেতে বা অপ্রয়োজনীয় অ্যাপ সরাতে অনেকেই ফোন ‘রুট’ করতেন। কিন্তু বর্তমান সময়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফোন রুট করার কোনো যৌক্তিক কারণ নেই। ফোন রুট করলে গুগলের নিরাপত্তা যাচাই ব্যবস্থায় বিঘ্ন ঘটে, যার ফলে ব্যাংকিং অ্যাপসহ নানা গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যেতে পারে। তা ছাড়া রুট করা ফোনে কোনো ভুল হলে বা ক্ষতিকর সফটওয়্যার ঢুকলে পুরো যন্ত্রের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
একইভাবে না বুঝে ডেভেলপার অপশন বা ‘ইউএসবি ডিবাগিং’-এর মতো উন্নত সুবিধা চালু রাখাও ঠিক নয়। প্রয়োজন শেষে এসব সেটিংস বন্ধ না রাখলে কম্পিউটার বা অপরিচিত সংযোগের মাধ্যমে ফোন হামলার শিকার হতে পারে। যেকোনো জটিল কারিগরি সেটিংস ব্যবহারের আগে তার প্রভাব সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।
পাবলিক ওয়াই-ফাই, ইউএসবি পোর্ট ও অনুমতির হিসাব
ক্যাফে বা গণপরিসরের উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যক্তিগত গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকে না। একই নামে ভুয়া নেটওয়ার্ক তৈরি করে তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকিও থাকে। তাই উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার করা ভালো এবং ব্যাংকিং বা সংবেদনশীল লেনদেন এড়িয়ে চলা উচিত।
বিমানবন্দর বা অপরিচিত স্থানের ইউএসবি পোর্টে ফোন চার্জ দেওয়ার সময় ডেটা সংযোগের অনুমতি চাইলে তা কখনোই দেওয়া উচিত নয়। অপরিচিত ইউএসবি সংযোগের মাধ্যমে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ঢুকে পড়ার ঝুঁকি থাকে; তাই সম্ভব হলে সরাসরি বৈদ্যুতিক সকেট বা নিজস্ব পাওয়ার ব্যাংক ব্যবহার করাই নিরাপদ।
অ্যাপের পারমিশন বা অনুমতি দেওয়ার ক্ষেত্রেও সচেতন থাকা প্রয়োজন। টর্চলাইট বা ক্যালকুলেটরের মতো সাধারণ অ্যাপ কেন মাইক্রোফোন বা ছবির গ্যালারির অনুমতি চাইবে, তা ভেবে দেখা জরুরি। বিশেষ করে অ্যাক্সেসিবিলিটি এবং অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি ক্ষতিকর অ্যাপের হাতে পড়লে তা ওটিপি কোড দেখা বা ভুয়া বোতাম চাপিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে। নিয়মিত অ্যাপের অনুমতিগুলো যাচাই করে অপ্রয়োজনীয় সুবিধা বন্ধ রাখা উচিত।
ব্যাটারির দীর্ঘায়ু ও সঠিক যত্ন
লিথিয়াম ব্যাটারি সব সময় শতভাগ চার্জে রাখা কিংবা অতিরিক্ত তাপের সংস্পর্শে আনা এর আয়ু কমিয়ে দেয়। আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য চার্জিং সীমা নিয়ন্ত্রণের সুবিধা থাকে। রাতভর চার্জে রাখলে স্মার্ট সিস্টেম ব্যাটারির ক্ষয় কমাতে সাহায্য করে।
পাশাপাশি নিম্নমানের বা নকল ইউএসবি কেব্ল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। ভালো মানের কেব্লে ভোল্টেজ নিয়ন্ত্রণের চিপ থাকে, কিন্তু সস্তা কেব্ল অতিরিক্ত তাপ তৈরি করে ব্যাটারির রাসায়নিক গঠনের ক্ষতি করতে পারে। তাই ফোনের নিজস্ব ব্যাটারি ব্যবস্থাপনার ওপর আস্থা রাখা এবং সঠিক চার্জিং নিয়ম মেনে চললেই দীর্ঘদিন ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।
ডিবিটেক/বিএমটি





