দেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
রাউটার উৎপাদনে আগ্রহী এক্সেল টেকনোলজিস
- তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে টিপি-লিংকের ওয়াই-ফাই ৮ রাউটার চালু
- নীতিগত সহায়তা পেলে দেশে রাউটার উৎপাদনে আগ্রহী এক্সেল টেকনোলজিস
- নেটওয়ার্কিং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে চালু হলো ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম
তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস কানেক্টিভিটি ‘ওয়াই-ফাই ৮’ (Wi-Fi 8) রাউটার উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড টিপি-লিংক। পাশাপাশি সরকারের নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেই টিপি-লিংক ব্র্যান্ডের ওয়াই-ফাই রাউটার উৎপাদনের আগ্রহ প্রকাশ করেছে ব্র্যান্ডটির দেশীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড। ১৭ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা জানান, তারা ইতিমধ্যেই দেশের তিন কোটি গ্রাহককে সেবা দিচ্ছেন এবং ডিভাইস বিক্রির পাশাপাশি ৩ হাজার নেটওয়ার্ক এক্সপার্ট গড়ে তুলেছেন। তিনি আরও জানান, তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে টিপি-লিংকের ওয়াই-ফাই ৮ রাউটার চালু করা হলো এবং সরকারের পলিসি সাপোর্ট পেলে তারা দেশেই এই রাউটার উৎপাদন করতে চান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক (এপ্যাক) অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। তিনি জানান, নলেজ ট্রেনিং ও হ্যান্ডস-অন অভিজ্ঞতা দিতে সিসকোর মতো টিপি-লিংকের নেটওয়ার্ক ডিভাইসের বিষয়ে প্রশিক্ষণ দিতে মালয়েশিয়ার পর বাংলাদেশে ‘ওমাডা এক্সপার্ট কোর্স’ চালু করা হলো। বক্তব্যে ব্রায়ান ডং বলেন, “আমরা বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা বাংলাদেশের বাজারে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন। তিনি জানান, বাংলাদেশ ও গুয়াংজুর মধ্যে এখন দূরত্ব মাত্র ৩ ঘণ্টা এবং এখানে একটি বড় বাজার থাকায় তাদের বিশেষ নজর রয়েছে। তিনি কেবল পণ্য বিক্রি নয়, বরং সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
‘আল্ট্রা-হাই রিলায়েবিলিটি’ (ইউএইচআর) নীতির ওপর ভিত্তি করে নির্মিত ওয়াই-ফাই ৮ মূলত ওয়্যারলেস কানেক্টিভিটির পরবর্তী বিবর্তন, যা উন্নত নেটওয়ার্ক স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন সংযোগ, বিস্তৃত কভারেজ এবং ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করে। এই প্রযুক্তিগত মাইলফলকের পাশাপাশি সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তি অংশীদারদের পেশাদার দক্ষতা গড়ে তুলতে ‘ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম’ ও ‘ওমাডা এক্সপার্ট একাডেমি’ তুলে ধরা হয়। এই প্রোগ্রামের অধীনে শুরুতেই বিইউপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্রেশ গ্রাজ্যুয়েটদের প্রশিক্ষণ দেয়া শুরু করবে টিপি লিংকের ওমেডা ল্যাবে। এরপর তারা ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশের প্রযুক্তি পণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
//ডিবিটেক/আইএইচ/সম্পাদিত/আউটপুট//





