রূপপুর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত

২৪ ঘণ্টা ছাড়িয়ে রূপপুরের গ্রিড সংযোগ

  • ২৪ ঘণ্টা পেরিয়েও রূপপুরের বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে
  • দ্বিতীয় দফায় প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত
  • বাণিজ্যিক উৎপাদনে যেতে বাকি কারিগরি পরীক্ষা ও অনুমোদন

২৪ ঘণ্টা ছাড়িয়ে রূপপুরের গ্রিড সংযোগ
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৩  

পারমাণবিক প্রকৌশল ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার সমন্বয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। ২৩ নভেম্বর, সোমবার সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ২৪ নভেম্বর. মঙ্গলবার বিকেল পর্যন্ত কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে বলে ঈশ্বরদী পাবনা প্রতিনিধি রঞ্জিত কুমার শীল জানিয়েছেন।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত রয়েছে।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা ছিল। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কেন্দ্রটির গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এখন পর্যন্ত সঞ্চালন লাইনের সঙ্গে সংযোগ চালু রেখে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে চারটি সঞ্চালন লাইনের মাধ্যমে। এসব লাইনের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালন ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয় দফার এ পরীক্ষায় কেন্দ্রের টারবাইন, জেনারেটর, নিয়ন্ত্রণব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের স্থিতিশীলতা, ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিসহ বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। প্রায় ৮ ঘণ্টা ৩৪ মিনিট সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে প্রথম দফার গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্বিতীয় দফায় আবারও জাতীয় গ্রিডে যুক্ত করা হয় কেন্দ্রটিকে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকাকে এখনই বাণিজ্যিক উৎপাদন শুরু হিসেবে দেখার সুযোগ নেই। বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত পরীক্ষামূলক সময়সীমা পার হওয়ার পরও জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকা কেন্দ্রটির কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এখন সংশ্লিষ্টদের নজর পরবর্তী পরীক্ষার ফলাফল এবং পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির দিকে।

//ডিবিটেক/রঞ্জিত কুমার শীল/ডিআরই/এফওইডি//