স্বাধীন নিরীক্ষায় নিরাপত্তা নিয়ন্ত্রণ যাচাই
এসওসি ২ নিরীক্ষায় সফল ক্যাসপারস্কি
- ২০১৯ সাল থেকে নিয়মিত এসওসি ২ নিরীক্ষায় অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি
- অ্যান্টিভাইরাস ডেটাবেজ তৈরির প্রক্রিয়া নির্ধারিত শর্ত পূরণ করেছে
- অননুমোদিত পরিবর্তন ও কারসাজি ঠেকানোর নিয়ন্ত্রণব্যবস্থাও যাচাই হয়েছে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসওসি ২ (SOC 2) নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। স্বাধীন নিরীক্ষায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ন্ত্রণব্যবস্থা এবং অ্যান্টিভাইরাস ডেটাবেজ তৈরি, পরীক্ষা ও প্রকাশের প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করা হয়েছে। নিরীক্ষকদের মূল্যায়নে এসব প্রক্রিয়া এসওসি ২-এর নির্ধারিত শর্ত পূরণ করেছে। পাশাপাশি অননুমোদিত পরিবর্তন ও কারসাজি থেকে সুরক্ষার ব্যবস্থাও কার্যকর বলে উঠে এসেছে।
ক্যাসপারস্কি ২০১৯ সাল থেকে নিয়মিত এসওসি ২ নিরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, নিয়মিত এই মূল্যায়নের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকার বজায় রাখা হচ্ছে।
আমেরিকান ইনস্টিটিউট অব সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (এআইসিপিএ) প্রণীত এসওসি ২ কাঠামোটি বিশ্বব্যাপী স্বীকৃত। এতে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠানের কার্যক্রম মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো—নিরাপত্তা, সেবার প্রাপ্যতা, তথ্য প্রক্রিয়াকরণের যথার্থতা, তথ্যের গোপনীয়তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা।
এবারের নিরীক্ষায় একটি স্বাধীন নিরীক্ষক দল ক্যাসপারস্কির নিরাপত্তা নিয়ন্ত্রণব্যবস্থার নকশা ও বাস্তব প্রয়োগের কার্যকারিতা পর্যালোচনা করেছে। এ জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও প্রযুক্তি দলের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়। পাশাপাশি বাস্তবে অনুসৃত কার্যপদ্ধতি পর্যবেক্ষণ, নীতিমালা ও কর্মপ্রবাহের নথি পর্যালোচনা এবং ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা পুনরায় যাচাই করা হয়।
নিরীক্ষকদের মূল্যায়নে দেখা গেছে, ক্যাসপারস্কির অ্যান্টিভাইরাস ডেটাবেজ তৈরি, পরীক্ষা ও প্রকাশের প্রক্রিয়াগুলো এসওসি ২-এর নির্ধারিত শর্ত পূরণ করে। এসব প্রক্রিয়া অননুমোদিত পরিবর্তন বা কারসাজি থেকেও সুরক্ষিত রয়েছে।
ক্যাসপারস্কির গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলিয়া শ্লিচকোভা জানান, গ্রাহক ও অংশীদারদের কাছে এসওসি ২ নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়া কেবল আনুষ্ঠানিক অর্জন নয়। এটি স্বাধীনভাবে নিশ্চিত করে যে প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত নিয়ন্ত্রণব্যবস্থাগুলো ধারাবাহিকভাবে কার্যকর রয়েছে।
তিনি জানান, এই মূল্যায়ন প্রমাণ করে, ব্যবহারকারীরা ক্যাসপারস্কির যেসব প্রযুক্তির ওপর আস্থা রাখেন, সেগুলো সুরক্ষিত ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিটি আপডেট এবং প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে গ্রাহকদের আস্থা আরও দৃঢ় হয়।
নিয়মিত স্বাধীন নিরীক্ষা ক্যাসপারস্কির গ্লোবাল ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে গ্রাহক ও অংশীদাররা প্রতিষ্ঠানটির সমাধান ও নিরাপত্তা কার্যক্রমের নির্ভরযোগ্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন।
এসওসি ২-এর পাশাপাশি ক্যাসপারস্কি আইএসও/আইইসি ২৭০০১ সনদও বজায় রেখেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ পণ্যগুলো কমন ক্রাইটেরিয়া (Common Criteria) সনদ অর্জন করেছে। ক্যাসপারস্কির ভাষ্য অনুযায়ী, এসব আন্তর্জাতিক মানদণ্ড ও সনদ জবাবদিহি, নিরাপদ প্রযুক্তি উন্নয়ন এবং স্বীকৃত নিরাপত্তা চর্চার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার তুলে ধরে।
//ডিবিটেক/আরআইসিএন/এসসিডিই/এফওই//





