ঢালাও বন্ধ নয়, সন্দেহজনক লেনদেনে পদক্ষেপ

গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ, ঢালাও নয় দাবি

  • অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ
  • এলাকাভিত্তিক ঢালাও হিসাব বন্ধের অভিযোগ নাকচ এমএফএস প্রতিষ্ঠানের
  • তদন্ত সাপেক্ষে নির্দোষ হিসাব চালুর সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা

গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ, ঢালাও নয় দাবি
২৬ নভেম্বর, ২০২৬ ১৯:০৪  

আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার প্রেক্ষাপটে গোপালগঞ্জে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে ৯৭টি হিসাব বন্ধ করা হয়েছে। তবে কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব আলাদাভাবে বা ঢালাওভাবে বন্ধ করা হয়নি বলে জানিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলো।

স্থানীয় সূত্রে প্রকাশ, গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক টাকা পাঠানো, গ্রহণ ও ক্যাশ আউট করতে গিয়ে সমস্যায় পড়ছেন এবং তাদের ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা আসছে। এতে নিজেদের হিসাবে অর্থ জমা থাকলেও প্রয়োজনের সময় ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস কর্মীরা এজেন্টদের কাছে টাকা পাঠাতে না পারায় নগদ অর্থের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 বিকাশের সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ নেই বলে জানিয়েছেন স্থানীয় গোপালগঞ্জের কাঁচাবাজার এলাকার বিকাশ এজেন্ট মো. শাকিল জানিয়েছেন, বুধবার থেকে অনেক গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। কেউ টাকা উত্তোলন করতে পারছেন, আবার কেউ পারছেন না।  ৩০-৪০ শতাংশ অ্যাকাউন্ট সচল আছে। যেসব গ্রাহকের অ্যাকাউন্ট সচল রয়েছে, তারা স্বাভাবিকভাবেই লেনদেন করতে পারছেন। তবে অনেক গ্রাহকের অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। 

ভুক্তভোগীদের কেউ কেউ জানান, কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে সন্দেহজনক বা অনৈতিক লেনদেনের কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ রাখার কথা বলা হচ্ছে। তবে কী ধরনের লেনদেনের কারণে তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। ফলে সমস্যা সমাধানের পথও বুঝতে পারছেন না তারা।  তাদের কাছে আসা bKashNotice থেকে মেসেজ দেওয়া হয়, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

তবে গোপালগঞ্জের বাসিন্দা বা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা হিসাব আলাদাভাবে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে বিকাশ।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেছেন, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী যাচাই শেষে হিসাব চালু বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তিনি জানান, এটি নিয়মিত নিয়ন্ত্রক প্রক্রিয়ার অংশ এবং হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হতে পারে; তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়। এটি গোপালগঞ্জ বলে কোনো বিষয় নয় এবং প্রায় আট কোটি গ্রাহকের মধ্যে এলাকা ধরে আলাদা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

নগদের মুখপাত্র সজল জাহিদ জানান, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই এবং নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। তিনি বলেন, এমএফএস প্রযুক্তিতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেবা বন্ধ করা সম্ভব নয়। কোনো নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশনায় নিয়মিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয় এবং এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়। হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন বা কোন এলাকায় নম্বর ব্যবহার হচ্ছে, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার পাওয়া যেতে পারে বলে জানান তিনি। 

অপরদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (বিএমপিসিএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন,  ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবাকে নাগরিক জীবনের অপরিহার্য সেবা হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষ পরিস্থিতিতে কোনো সেবা সীমিত করার প্রয়োজন হলে তার আইনগত ভিত্তি, যৌক্তিকতা ও সময়সীমা সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানাতে হবে। 

//ডিবিটেক/আইএসসি/ডিআরই/এফওইডি//