চলছে কারিগরি ও সংকেত স্থাপন

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু ২০২৭ সালের জুলাইয়ে

  • ২০২৭ সালের জুলাই থেকে মতিঝিল-কমলাপুর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু
  • নতুন ১.১৬ কিলোমিটার যুক্ত হলে মোট স্টেশন হবে ১৭টি
  • সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪.৮৫ এবং ইলেকট্রিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু ২০২৭ সালের জুলাইয়ে
২২ নভেম্বর, ২০২৬ ০৯:২৮  

আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় রেল সিগন্যালিং প্রযুক্তির সম্প্রসারণে রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল পথ কমলাপুর পর্যন্ত বর্ধিত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নির্মাণকাজে ধীরগতির কারণে উদ্বোধনের সময়সূচি একাধিকবার পেছানোর পর বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের জুলাই মাস থেকে মতিঝিল-কমলাপুর অংশে নিয়মিত যাত্রী পরিবহন চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর সচল অংশের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১.১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১.২৬ কিলোমিটারে এবং মোট স্টেশন সংখ্যা হবে ১৭টি। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪.৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো দৃশ্যমান হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামো নির্মিত হয়েছে এবং বর্তমানে অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তবে কেবল ভৌত অবকাঠামো নির্মিত হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। এর আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা সিগন্যালিং, অটোমেটিক ভাড়া আদায় (এএফসি), প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ও নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর সম্পূর্ণরূপে সচল করতে হবে। এরপর সমন্বিত সিস্টেম ইন্টিগ্রেশন পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করা হবে। মূলত এসব জটিল কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই বাণিজ্যিক চলাচলের চূড়ান্ত সময় নির্ভর করছে। 

এর আগে ২০২৭ সালের ১ জানুয়ারি এবং পরবর্তীতে এপ্রিল-মে মাসে এই অংশ চালুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও সর্বশেষ তা ২০২৭ সালের জুলাইয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। 

//ডিবিটেক/বিএনআর/এমএসসি/ডিএফওই//