কৃত্রিম বুদ্ধিমত্তায় তরুণদের উদ্ভাবনী প্রতিযোগিতা
ইউনেট এআইগনাইট বিল্ডাথনে সেরা সৌমিত্র
- গ্র্যান্ড ফিনালেতে সেরা ২০ প্রতিযোগীর প্রকল্প উপস্থাপন
- চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌমিত্র সাহা
- বাস্তব সমস্যা সমাধানে তৈরি হয়েছে এআইচালিত ওয়েব অ্যাপ্লিকেশন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন সফটওয়্যার নির্মাণ, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রের দক্ষতার ধরন বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তি নির্মাণের অভিজ্ঞতা বাড়াতে আয়োজিত হয়েছে ‘ওস্তাদ প্রেজেন্টস ইউনেট এআইগনাইট বিল্ডাথন ২০২৬’। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানে এআইচালিত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। চূড়ান্ত পর্বে সেরা ২০ প্রতিযোগীর প্রকল্প মূল্যায়ন শেষে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌমিত্র সাহা।
ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের (ইউনেট) আয়োজনে ২১ নভেম্বর, শনিবার রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রাঙ্গণে প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনলাইন প্রাথমিক পর্ব শেষে নির্বাচিত সেরা ২০ প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করেন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, জাতিসংঘের মেশিন লার্নিং কনসালট্যান্ট তানসিফ আনজার, লিবারেট ল্যাবস এলএলসির সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী মো. আরিফ হায়দার, ওস্তাদের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা শরিফুল ইসলাম মুবিন, মিয়াকির পণ্য ব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মোস্তফা কামাল সাগর।
প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষায়িত সেশন, ইন্টারঅ্যাকটিভ কুইজ এবং প্রযুক্তি ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন আয়োজন ছিল। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি শিল্প খাতের পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘দ্য এআই-রেডি ওয়ার্কফোর্স: স্কিলস, শিফটস অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিজ’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে অংশ নেন এনআরবি ব্যাংক পিএলসির মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, মাইক্রোসফটের জান্নাতুল ফেরদৌস পপি এবং জাতিসংঘের তানসিফ আনজার। আলোচনা সঞ্চালনা করেন ইউনেটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আলতামিশ নাবিল।
আলোচনায় বিভিন্ন শিল্প খাতে এআইয়ের ব্যবহার, কর্মক্ষেত্রে পরিবর্তন, পেশাগত দক্ষতার নতুন চাহিদা এবং ভবিষ্যতের চাকরির বাজারে সম্ভাবনা উঠে আসে। এআইনির্ভর অর্থনীতিতে তরুণদের প্রতিযোগিতায় টিকে থাকতে কী ধরনের দক্ষতা অর্জন করতে হবে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
চূড়ান্ত মূল্যায়ন শেষে তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌমিত্র সাহা ‘সেবাসাথী’ প্রকল্পের জন্য চ্যাম্পিয়ন হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাবিল হাসান জামি ‘যাচাই’ প্রকল্প নিয়ে প্রথম রানার-আপ হন। দ্বিতীয় রানার-আপ হয়েছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এ কে এম ইশমাম তাহমিদ। তাঁর প্রকল্পের নাম ‘ল্যাম্প’।
বিজয়ীদের অর্থ পুরস্কারের পাশাপাশি স্মারক ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া উদ্ভাবনী প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সেরা ২০ জন ফাইনালিস্টকে সার্টিফিকেট অব এক্সিলেন্স প্রদান করা হয়।
আয়োজনটির টাইটেল পার্টনার ছিল ওস্তাদ। ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আয়োজক সহযোগী ছিল পিইউইএসআইসি, কৌশলগত অংশীদার এমএল বাংলাদেশ এবং কমিউনিটি পার্টনার ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন। এ ছাড়া আরও কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান আয়োজনটির সঙ্গে যুক্ত ছিল।
ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের (ইউনেট) এ উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমানো। পাশাপাশি তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা অর্জন, উদ্ভাবনী চিন্তা এবং উদীয়মান প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করা।
//ডিবিটেক/এএনবিএল/ডিআরই/এফওইডি//





