সহিংসতা প্রতিরোধে পাঁচ বিভাগে ‘অরেঞ্জ ডোর’

তরুণদের সচেতনতায় পাঁচ বিভাগে ঘুরছে জাগোর ‘অরেঞ্জ ডোর’

  • ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পাঁচ বিভাগে চলবে ভ্রাম্যমাণ ট্রাক।
  • ট্রাকের দুটি কক্ষে তুলে ধরা হয়েছে নিরাপদ ও অনিরাপদ ঘরের চিত্র।
  • দর্শনার্থীদের বাস্তব পরিবর্তনের অঙ্গীকারে দেওয়া হচ্ছে ‘অরেঞ্জ প্লেজ কার্ড’।

তরুণদের সচেতনতায় পাঁচ বিভাগে ঘুরছে জাগোর ‘অরেঞ্জ ডোর’
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:০৪  

তারুণ্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও সৃজনশীল ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে পারিবারিক সহিংসতার প্রচলিত ধারণা ভাঙতে দেশের পাঁচ বিভাগে যাত্রা শুরু করেছে ‘অরেঞ্জ ডোর’ ক্যাম্পেইন। জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে বাস্তবায়িত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় ২৫ নভেম্বর, বুধবার থেকে এই ভ্রাম্যমাণ ট্রাক প্রদর্শনী শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত এই ক্যাম্পেইন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান চলাকালে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগে ঘুরবে। কমলা রঙের দরজার এই ট্রাকের ভেতরে দুটি কক্ষ সাজানো হয়েছে। ঘরের যেসব আচরণকে সমাজে ‘স্বাভাবিক’ বলে মেনে নেওয়া হয়, সেগুলো নিয়ে তরুণদের নতুন করে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য। ক্যাম্পেইনটির মূল প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, ‘আমাদের জন্য কি এইটাই “স্বাভাবিক”, নাকি “সহিংসতা”?’

ট্রাকের প্রথম কক্ষটির নাম রাখা হয়েছে ‘যখন ঘর নিরাপদ নয়’। এর দেয়ালে লেখা রয়েছে প্রচলিত কিছু কথা—‘সংসার টিকিয়ে রাখতে মেয়েদেরই সবকিছু সহ্য করতে হয়’, ‘স্বামী রাগ করলে চুপ থাকতে হয়’ এবং ‘পরিবারের সম্মানের জন্য ঘরের কথা বাইরে বলা যাবে না’। প্রতিটি বাক্যের পাশেই প্রশ্ন রাখা হয়েছে, ‘সত্যিই কি তাই?’ এসব ধারণা কীভাবে ধীরে ধীরে বৈষম্য, অসম ক্ষমতা, নিয়ন্ত্রণ ও নীরবতা তৈরি করে এবং শেষ পর্যন্ত সহিংসতাকে পরিবারের স্বাভাবিক অংশ করে তোলে, তা এই কক্ষে ফুটিয়ে তোলা হয়েছে।

কমলা দরজা পেরোলেই দ্বিতীয় কক্ষ, যার নাম ‘যখন ঘর নিরাপদ’। সেখানে পারস্পরিক সম্মান, আস্থা, সমতা, ঘরের কাজ ভাগাভাগি ও খোলামেলা আলাপের ওপর গড়ে ওঠা একটি সুস্থ ও নিরাপদ পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে।

এ উদ্যোগ প্রসঙ্গে জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ বলেন, ঘরের সহিংসতা সাধারণত হাত তোলা দিয়ে শুরু হয় না; বরং শুরু হয় সেই কথাগুলো দিয়ে, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম স্বাভাবিক বলে মেনে নেওয়া হয়েছে। অরেঞ্জ ডোরের মাধ্যমে তরুণেরা যেন এই পার্থক্য নিজের চোখে দেখেন এবং ঘরে পালন করা যায় এমন একটি অঙ্গীকার নিয়ে ফেরেন, সেটিই তাদের প্রত্যাশা।

প্রদর্শনী থেকে বের হওয়ার পথে প্রত্যেক দর্শনার্থীকে দেওয়া হচ্ছে একটি ‘অরেঞ্জ প্লেজ কার্ড’। ‘আজ থেকে আমি…’ বাক্যাংশ দিয়ে শুরু হওয়া এই কার্ডে দর্শনার্থীরা নিজের ঘরে একটি বাস্তব পরিবর্তনের অঙ্গীকার লিখছেন, যেমন ঘরের কাজ ভাগ করে নেওয়া বা অন্যের কথা মন দিয়ে শোনা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তরুণদের মিলনকেন্দ্র ও বাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে ট্রাকটি অবস্থান করবে। এই সচেতনতামূলক আলোচনায় মেয়েদের পাশাপাশি ছেলে ও তরুণ পুরুষদেরও সক্রিয়ভাবে যুক্ত করার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

//ডিবিটেক/এসএইচআর/ডিআরই/এফওইডি//