ব্লকচেইন ফরেনসিক, আইনি দৃষ্টান্ত
ক্রিপ্টো কি আসলেই বেনামি?
|
হাইলাইটস |
|
অনেকের বিশ্বাস, বিটকয়েন বা ইউএসডিটিতে টাকা দিলে কোনো চিহ্ন থাকে না। আসলে উল্টো। ক্রিপ্টোর প্রতিটি লেনদেন একটি পাবলিক খাতায় (ব্লকচেইন) স্থায়ীভাবে লেখা থাকে, যা পৃথিবীর যে কেউ দেখতে পারে, মুছে ফেলার কোনো উপায় নেই। নগদ টাকার হাতবদলের কোনো রেকর্ড থাকে না, ক্রিপ্টোর থাকে চিরকাল। তাই ক্রিপ্টো আসলে "বেনামি" নয়, বরং "ছদ্মনামী"। ওয়ালেটের ঠিকানায় মালিকের নাম লেখা থাকে না ঠিকই, কিন্তু কোন ঠিকানা থেকে কোন ঠিকানায় কত টাকা কখন গেল, সবই দেখা যায়। তদন্তকারীর কাজ হলো সেই ঠিকানার পেছনের মানুষটিকে খুঁজে বের করা।
বাংলাদেশেও এমন ঘটনা ঘটছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বসুন্ধরা থেকে এলএসডিসহ একজনকে গ্রেপ্তার করে। পরে তার মোবাইল ও ল্যাপটপের ফরেনসিক রিপোর্টে বেরিয়ে আসে যে ডার্ক ওয়েব থেকে মাদক কিনে বিটকয়েনে দাম পরিশোধ করা হতো। চলতি বছরের জুলাইয়ে ডিএনসি ঢাকায় একটি গোপন ল্যাবের সন্ধান পায়, যেটি ডার্ক ওয়েব ও ক্রিপ্টোর মাধ্যমে আন্তর্জাতিক মাদক পাচার চালাত। সেখানে ৬.৩ কেজি কিটামিন জব্দ হয় এবং তিন বিদেশি নাগরিক গ্রেপ্তার হন।
লেনদেন কীভাবে ধরা পড়ে
-
প্রথম সূত্র হলো এক্সচেঞ্জ: মাদক কারবারি শেষ পর্যন্ত ক্রিপ্টোকে নগদ টাকায় রূপান্তর করতে চায়, আর এজন্য বেশিরভাগ সময় কোনো এক্সচেঞ্জে যেতে হয়। বড় এক্সচেঞ্জগুলো অ্যাকাউন্ট খোলার সময় এনআইডি বা পাসপোর্ট, ছবি আর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেয়। ব্লকচেইনে টাকার পথ ধরে এক্সচেঞ্জ পর্যন্ত পৌঁছাতে পারলে, আইনি অনুরোধ পাঠিয়ে অ্যাকাউন্টধারীর পরিচয় পাওয়া যায়।
-
দ্বিতীয় সূত্র ক্লাস্টারিং: একজন মানুষ সাধারণত অনেকগুলো ওয়ালেট ঠিকানা ব্যবহার করে। কিন্তু একসাথে খরচ করার ধরন দেখে সফটওয়্যার বুঝে ফেলে কোন ঠিকানাগুলো একই মালিকের। এভাবে ছড়ানো-ছিটানো ঠিকানা এক জায়গায় জড়ো হয়।
-
তৃতীয় সূত্র অপরাধীর নিজের ভুল: একই ঠিকানা বারবার ব্যবহার করা, ফেসবুক বা টেলিগ্রামে ওয়ালেট ঠিকানা শেয়ার করা, নিজের নামের অ্যাকাউন্টের সাথে লেনদেন মিশিয়ে ফেলা, এসব ভুলে অনেকে ধরা পড়ে।
-
চতুর্থ সূত্র জব্দ করা ডিভাইস: ফোন বা ল্যাপটপে থাকা ওয়ালেট অ্যাপ, সিড ফ্রেজ, স্ক্রিনশট আর চ্যাট পুরো লেনদেনের মানচিত্র খুলে দেয়। বাংলাদেশের বেশিরভাগ মামলায় ভাঙন এখান থেকেই আসে।
-
পঞ্চম সূত্র আন্তর্জাতিক সহযোগিতা: বড় চক্র ধরা পড়ে কয়েকটি দেশ একসাথে কাজ করলে। সবচেয়ে বড় উদাহরণ হাইড্রা নামের ডার্ক ওয়েব বাজার। ২০২১ সালে ডার্ক ওয়েব বাজারের প্রায় ৮০ শতাংশ ক্রিপ্টো লেনদেন এখান দিয়ে হতো, আর ২০১৫ থেকে এটি প্রায় ৫.২ বিলিয়ন ডলারের ক্রিপ্টো পেয়েছিল। ২০২২ সালে জার্মান ফেডারেল পুলিশ এর সার্ভার আর ৫৪৩টি বিটকয়েন জব্দ করে, যার মূল্য ছিল আড়াই কোটি ডলারের বেশি। কাজটা হয় যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে।
কী কী টুল ব্যবহার হয়
পেশাদার টুলের মধ্যে Chainalysis Reactor, TRM Labs, Elliptic ও Crystal বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। এগুলো লাখো ঠিকানাকে চেনা প্রতিষ্ঠানের সাথে মিলিয়ে রাখে, যেমন এক্সচেঞ্জ, ডার্ক ওয়েব মার্কেট বা মিক্সার।
বিনামূল্যের টুলও আছে। Blockchair, Etherscan আর Tronscan-এর মতো ব্লক এক্সপ্লোরারে যে কেউ লেনদেন দেখতে পারে। দক্ষিণ এশিয়ায় ট্রন নেটওয়ার্কে ইউএসডিটি লেনদেন খুব বেশি হয়, তাই Tronscan বিশেষভাবে কাজের। এর বাইরে আছে লেনদেনের গ্রাফ আঁকার টুল Breadcrumbs আর ওপেন সোর্স বিশ্লেষণ প্ল্যাটফর্ম GraphSense।
তবে সীমাবদ্ধতাও আছে। মনেরোর মতো প্রাইভেসি কয়েন, মিক্সার সার্ভিস আর নগদ টাকায় পিয়ার-টু-পিয়ার কেনাবেচা থাকলে কাজ অনেক কঠিন হয়ে যায়। অসম্ভব নয়, কিন্তু তখন ব্লকচেইনের বাইরের প্রমাণের ওপর বেশি নির্ভর করতে হয়।
বিদেশের আদালত কী বলছে
যুক্তরাষ্ট্রের ফিফথ সার্কিট আপিল আদালত ২০২০ সালে Gratkowski মামলায় বলে, বিটকয়েনের প্রতিটি লেনদেন পাবলিক ব্লকচেইনে লেখা থাকে, এটা সবারই জানা। তাই এসব রেকর্ড পরীক্ষা করার জন্য ওয়ারেন্টের দরকার নেই। আদালত আরও বলে, এক্সচেঞ্জের কাছে থাকা লেনদেনের রেকর্ডকে ব্যাংকের গ্রাহক রেকর্ডের মতোই দেখতে হবে।
এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা বিটকয়েন ফগ। এটি ছিল একটি মিক্সার সার্ভিস, যার কাজ ছিল টাকার উৎস আড়াল করা। আসামিপক্ষ Chainalysis-এর বিশ্লেষণকে "জাঙ্ক সায়েন্স" বলে চ্যালেঞ্জ করে। তবু আদালত পদ্ধতিটিকে নির্ভরযোগ্য বলে রায় দেয় এবং সরাসরি প্রমাণ হিসেবে গ্রহণ করে। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ডিসি সার্কিট আপিল আদালত অপারেটর রোমান স্টেরলিংগভের দণ্ড ও ১৫০ মাসের কারাদণ্ড বহাল রাখে। তবে একটা বিষয় খেয়াল করার মতো। আদালত শুধু সফটওয়্যারের ওপর ভরসা করেনি। আইপি ঠিকানার মিল, আর্থিক রেকর্ড, আর তার গ্রেপ্তারের পরপরই বিটকয়েন ফগ বন্ধ হয়ে যাওয়ার মতো অন্যান্য প্রমাণও বিবেচনায় নিয়েছে। শিক্ষাটা হলো: ব্লকচেইন বিশ্লেষণ শক্তিশালী সূত্র, কিন্তু সাজা টেকে আরও প্রমাণ সাথে থাকলে।
ক্রিপ্টো জব্দ করার আইনি ভিত্তিও তৈরি হচ্ছে। সিঙ্গাপুর হাইকোর্ট ২০২৩ সালে ByBit মামলায় বলে, ক্রিপ্টোর মালিকের একটি সম্পত্তি-অধিকার আছে, যা আদালতে বলবৎযোগ্য। ফলে ক্রিপ্টো এখন আটকানো, ফেরত দেওয়া আর বাজেয়াপ্ত করা যায়।
বাংলাদেশে কী বদলেছে
এ বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-তে বড় সংশোধন এসেছে। অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনের সর্বোচ্চ শাস্তি এখন মৃত্যুদণ্ড। এ ধরনের অপরাধ প্রমাণ করতে আসামির কাছ থেকে মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। পাশাপাশি সাইবার ক্রাইম শাখা ও ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের বিধানও রাখা হয়েছে। নতুন ধারা ৩৬ক অনুযায়ী অপরাধে ব্যবহৃত ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি আদালত বা মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের আদেশে ব্লক, জব্দ বা বাজেয়াপ্ত করা যাবে, কিংবা রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা যাবে।
এখানে একটা সতর্কতা জরুরি। মাদক উদ্ধার ছাড়াই যখন মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, তখন মামলার ভিত্তি হয়ে দাঁড়ায় ডিজিটাল প্রমাণ। একটা ভুল ক্লাস্টারিং বা যাচাইহীন ওয়ালেট বিশ্লেষণ একজন নির্দোষ মানুষের জীবন বিপন্ন করতে পারে। তাই প্রতিটি প্রমাণের হ্যাশসহ সংরক্ষণ, চেইন অব কাস্টডি, প্রশিক্ষিত বিশ্লেষক আর একাধিক স্বাধীন প্রমাণে যাচাই, এগুলো এখন আর বাড়তি কিছু নয়, ন্যূনতম শর্ত। আরেকটা বাস্তবতা হলো, বিদেশি এক্সচেঞ্জ থেকে তথ্য আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আর সরাসরি সহযোগিতার চ্যানেল দ্রুত করা দরকার। নইলে টাকার পথ দেখা যাবে, কিন্তু মানুষটার কাছে পৌঁছাতে দেরি হয়ে যাবে।
ক্রিপ্টো অপরাধীকে লুকায় না, বরং তার প্রতিটি লেনদেনের স্থায়ী রেকর্ড রেখে যায়। প্রশ্ন শুধু তদন্তকারীর সক্ষমতা আর আইনের সঠিক প্রয়োগের। দুটো একসাথে থাকলে ব্লকচেইনই হয়ে ওঠে অপরাধীর বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী।
| লেখক: প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল |
[সম্পাদকীয় নোট]
ডিজিটাল লেনদেন ও ডার্ক ওয়েব অপরাধের বিস্তারের প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সি ট্রেসিংয়ের কারিগরি বাস্তবতা এবং আইনি সীমাবদ্ধতা নিয়ে লেখকের এই বিশ্লেষণ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের ফলে ভার্চুয়াল সম্পদ জব্দের নতুন বিধান এবং কঠোর দণ্ডের বাস্তবতায় ডিজিটাল ফরেনসিকের নির্ভুলতা যে কতটা সংবেদনশীল, তা তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। কারিগরি বিশ্লেষণের পাশাপাশি আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতা এবং নির্দোষ মানুষের সুরক্ষায় প্রমাণের মানদণ্ড বজায় রাখার তাগিদে নিবন্ধটি সম্পাদকীয় প্রমিতকরণসহ প্রকাশ করা হলো।
ডিসক্লেইমার |
আলোচ্য নিবন্ধে প্রকাশিত আইনগত পর্যালোচনা, ফরেনসিক বিশ্লেষণ এবং নীতিগত মতামত সম্পূর্ণরূপে লেখকের নিজস্ব পেশাগত অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন; এটি অত্র সংবাদমাধ্যম বা সম্পাদকীয় পর্ষদের প্রাতিষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য হবে না। সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল প্রমাণের বিশ্বাসযোগ্যতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিয়ে জনসচেতনতা ও গঠনমূলক আলোচনা উৎসাহিত করার স্বার্থে লেখাটি প্রমিত সম্পাদকীয় নীতিমালা অনুসরণপূর্বক প্রকাশ করা হলো।





