বৈশ্বিক ই-কমার্সে রপ্তানি বাড়ানোর উদ্যোগ
চট্টগ্রামে আলিবাবা ডটকমের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণ বিষয়ক সেমিনার
- চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় সেমিনার আয়োজন
- বৈশ্বিক ই-কমার্স ব্যবহারে উদ্যোক্তাদের দিকনির্দেশনা প্রদান
- বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কৌশল আলোচনা
বিশ্ববাজারে প্রবেশ, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রপ্তানি ব্যবসার নতুন সম্ভাবনা কাজে লাগাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘আলিবাবা ডটকমের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সেমিনার হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এই আয়োজন করা হয়। চেম্বারের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে স্প্রিংফিল্ড করপোরেশন।
সেমিনারে উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের আলিবাবা ডটকমের বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সম্ভাব্য বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং রপ্তানি কার্যক্রমে নতুন সুযোগ তৈরির বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে আরও উৎসাহিত হবেন।
সেমিনারের মূল বিষয়ে প্রবন্ধ ও উপস্থাপনা তুলে ধরেন স্প্রিংফিল্ড করপোরেশনের বিজনেস অপারেশন ম্যানেজার তানভির ইসলাম তপু।
সেমিনারে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আমেনা শাহীন, আলিবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়া গাও সামার, একই অঞ্চলের চ্যানেল ম্যানেজার কুয়ান কিউ ক্লিফটন, বাংলাদেশ চ্যানেল ম্যানেজার সোনেবার মায়রা এবং স্প্রিংফিল্ড করপোরেশনের নির্বাহী পরিচালক শান শাহেদ।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





