প্রেষণমুক্ত খুলনার ক্যাবল শিল্পের এমডি শহিদুল ইসলাম
তারঘীবুল ইসলাম সাবমেরিন ক্যাবলসের এমডি
- তারঘীবুল ইসলাম সাবমেরিন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।
- শহিদুল ইসলাম প্রেষণমুক্ত হয়ে খুলনার ক্যাবল শিল্পের এমডি।
- ২০ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ জারি হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ অবকাঠামোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ২০ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ জারি করেছে। এর মধ্যে টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তারঘীবুল ইসলামকে প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রেষণমুক্ত হয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মো. শহিদুল ইসলামকে খুলনার বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন পদে এ দায়িত্ব বণ্টন করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারঘীবুল ইসলাম বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করবেন। একই কোম্পানির মহাব্যবস্থাপক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) মো. সাজ্জাদ বিন মুক্তাদির রহমানকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ) এবং ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগের দায়িত্ব ছিল বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও পরিচালন)। তারঘীবুল ইসলাম দায়িত্ব নেওয়ায় ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে সাজ্জাদ বিন মুক্তাদির রহমান অব্যাহতি পাচ্ছেন।
অন্যদিকে, খুলনার বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে প্রায় দুই বছর প্রেষণে দায়িত্ব পালন করা টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) মো. শহিদুল ইসলাম প্রেষণমুক্ত হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া বিটিসিএলের জিএম সাঈদ মাহমুদকে নিজ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও যেসব কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন এ. কে. এম. গোলাম বাহারুল—বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (সিস্টেম অপারেশন); মো. আনোয়ার হোসেন—টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (সিস্টেম অপারেশন); ড. মো. আনোয়ার হোসেন মাসুদ—বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং অতিরিক্ত দায়িত্বে আইপি প্রকল্পের প্রকল্প পরিচালক; মির্জা কামাল আহমেদ—বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (এম অ্যান্ড ও) এবং অতিরিক্ত দায়িত্বে সিজিএম, উত্তর।
এ ছাড়া মনজুর-উল-সালামকে বিটিসিএলের সিজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস), মো. শফিকুর রহমানকে রূপপুর এক্সটার্নাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক এবং অতিরিক্ত দায়িত্বে বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) করা হয়েছে।
সমিত চাকমাকে বিটিসিএলের জিএম-১, চট্টগ্রাম টেলিযোগাযোগ অঞ্চল এবং অতিরিক্ত দায়িত্বে সিজিএম, চট্টগ্রাম; মো. শাহিনুর রহমান (পরিচিতি নম্বর ২২১১)কে বিটিসিএলের জিএম-১, শেরেবাংলা নগর, ঢাকা; মো. জিল্লুর রহমান চৌধুরীকে বিটিসিএলের কোম্পানি সচিব; মো. আবদুল মালেককে বিটিসিএলের জিএম (মানবসম্পদ-২); সৈয়দ আবদুল আজিজকে বিটিসিএলের জিএম (এক্সটার্নাল রিলেশনস), ঢাকা এবং তৌফিকুল ইসলামকে বিটিসিএলের জিএম (ওভারসিজ), ঢাকায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. গোলাম সারোয়ারকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়); আলী শাহ মোহাম্মদ কামরুল হাসানকে বিটিসিএলের জিএম-২, ডিটিআর সাউথ, রমনা; মো. শাহিনুর রহমান (পরিচিতি নম্বর ২২৩৭)কে বিটিসিএলের জিএম (এম অ্যান্ড ও) এবং মোহাম্মদ মাসুদ রানাকে বিটিসিএলের জিএম-১ (ট্রান্সমিশন ইস্ট) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
//ডিবিটেক/রশ্বই আলম/এসএমই/এমআইএসটি//





