ভাসমান ও স্বচ্ছ নেভিগেশন বার আনছে হোয়াটসঅ্যাপ

ভাসমান ও স্বচ্ছ নেভিগেশন বার আনছে হোয়াটসঅ্যাপ
১২ নভেম্বর, ২০২৬ ১৩:৫২  

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য একটি নতুন ভাসমান ও স্বচ্ছ নেভিগেশন বার আনার প্রস্তুতি নিচ্ছে। অ্যাপটির দৃশ্যমান রূপ আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করতে এই পরিবর্তন আনা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে নতুন এই নেভিগেশন বারটি দেখতে পাওয়া গেছে।

নতুন এই ডিজাইনে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যবহারকারীরা যখন চ্যাট তালিকার নিচের দিকে স্ক্রল করবেন, তখন নেভিগেশন বারটি ছোট হয়ে একটি পিল বা বড়ি আকৃতির রূপ নেবে। এর ফলে মোবাইল স্ক্রিনে লেখা দেখার জায়গা কিছুটা বেশি পাওয়া যাবে। 

বারটি ছোট হয়ে যাওয়ার সময় এর ভেতরের কোনো লেখা বা লেবেল দেখা যাবে না এবং এর চারপাশ সুন্দর ও গোলাকার থাকবে। তবে ব্যবহারকারী ওপরের দিকে সোয়াইপ করলেই এটি আবার আগের পূর্ণাঙ্গ আকারে ফিরে আসবে।

নতুন এই ভাসমান বারের পেছনে একটি স্বচ্ছ ভাব বা ব্লার ইফেক্ট রাখা হয়েছে, যা অ্যাপের সামগ্রিক লুকের সাথে দারুণভাবে মানিয়ে যায়। 

চ্যাট, আপডেট, কনট্যাক্ট এবং কল- এই সবগুলো সাব-মেনুতেই নতুন এই ভাসমান বারটি দেখা যাবে। এটি অ্যাপের পুরোনো স্থির নেভিগেশন বারটিকে পুরোপুরি প্রতিস্থাপন করবে।

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক বা বেটা পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি মেটা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট