৫৬ দিনের দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন
চুয়েটে উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে প্রশ্নযাত্রা
- চুয়েট শিক্ষার্থীরা উপাচার্য ড. আবু সাদাত সায়েমের পুনর্বহালের দাবিতে প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছে
- পদত্যাগের কারণ ও স্থায়িত্ব নিয়ে ‘৫৬?’ লেখা লাল প্ল্যাকার্ড উঁচিয়ে অসন্তোষ প্রকাশ করে আন্দোলনকারীরা
- কেন্দ্রীয় শহীদ মিনারে ‘৫৬ কর্ণার’, পথনাট্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১২টি উন্নয়নভিত্তিক উদ্যোগ তুলে ধরা হয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বীয় পদে পুনর্বহালের দাবিতে ‘৫৬?’ শীর্ষক প্রতীকী প্রশ্নযাত্রা কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা হাতে ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ও ‘একটি নাম, একটি সুর—সায়েম স্যার, সায়েম স্যার’ ইত্যাদি স্লোগান প্রদান করেন।
লাল কাগজের ‘৫৬?’ প্ল্যাকার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা মূল প্রশ্নটি তুলে ধরেন—মাত্র ৫৬ দিনের দায়িত্ব পালনের পর কেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে অব্যাহতি বা পরিবর্তন করা হলো। সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা বিগত ছয় দিন ধরে ক্যাম্পাসে টানা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া প্রতীকী প্রশ্নযাত্রাটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
আন্দোলনে অংশ নেওয়া কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা করিম সোহা বলেন, "মাত্র ৫৬ দিনের মধ্যে আমাদের ভিসিকে পরিবর্তন করা হয়েছে। আজ ছয় দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। আমাদের প্রশ্ন—এটা আর কত দিন চলবে? আমরা চাই, যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নেওয়া হোক। সায়েম স্যার ৫৬ দিন দায়িত্বে ছিলেন। এই সময়ে তিনি কী কী করেছেন, সেগুলো আমরা স্মরণ করছি। তাঁর কাজ দেখে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা চাই, তাঁকে আবার আমাদের ভিসি হিসেবে দেখতে।"
প্রশ্নযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘৫৬ কর্ণার’ শীর্ষক কর্মসূচি আয়োজন করেন। সেখানে যন্ত্রকৌশল (এমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিনের মেয়াদে চুয়েটের আধুনিকায়নে গৃহীত ১২টি দৃশ্যমান ও ইতিবাচক উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন। পরবর্তীতে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা একটি ব্যঙ্গাত্মক পথনাট্য পরিবেশন করেন, যেখানে অধ্যাপক সায়েমকে সরিয়ে দেওয়া, নতুন উপাচার্যের অনলাইনে দায়িত্ব গ্রহণ এবং গত ছয় দিনের ছাত্র আন্দোলনের পেছনের প্রেক্ষাপট নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়।
//ডিবিটেক/টিএসি/এসএমই/এমএনপি//





