ডিআরইউর মতবিনিময় সভায় সম্পাদক ও বার্তা প্রধানরা 

এআই, তথ্য যাচাই, মোজো ও ভাষা প্রশিক্ষণ সম্প্রসারণের সুপারিশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের পরিধি বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম (মোজো) এবং ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

এআই, তথ্য যাচাই, মোজো ও ভাষা প্রশিক্ষণ সম্প্রসারণের সুপারিশ
১১ জুলাই, ২০২৬ ১৭:০৭  

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে উল্লেখ করে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত ‘সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা’-য় তারা এসব মতামত তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), মোবাইল জার্নালিজম (মোজো), ডিজিটাল সাংবাদিকতা, ভাষা শিক্ষা ও উপস্থাপনা দক্ষতার মতো বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের বিকল্প নেই।

তারা সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দিয়ে প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন বলেন, সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা জরুরি।

আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের পরিধি বাড়ানোর পাশাপাশি ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।

চ্যানেল আইয়ের হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল বলেন, ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাইসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ চালু করা উচিত। পাশাপাশি শিশুদের জন্য সংবাদ-সাক্ষরতা কর্মসূচি চালুরও পরামর্শ দেন তিনি।

মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল সাংবাদিকদের জন্য এআই, ইংরেজি ও চীনা ভাষা শিক্ষা এবং পেশাগত মানদণ্ড নির্ধারণে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম সংখ্যার চেয়ে মানসম্মত কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি, সদস্য চাঁদা পুনর্বিবেচনা এবং কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।

ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল বলেন, সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি উন্নতমানের প্রেস রিলিজ প্রস্তুত এবং ডিজিটাল সাংবাদিকতার ওপর আরও গুরুত্ব দিতে হবে।

গ্রীণ টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান উন্নত ভিডিও কাভারেজ ও প্রেস রিলিজ নিশ্চিত করার পাশাপাশি সদস্যপদ প্রদানের ক্ষেত্রে বিতর্ক এড়ানোর ওপর গুরুত্ব দেন।

বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন বলেন, অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু হলে সংবাদ কাভারেজ সহজ হয়। তিনি ভাষা প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকতায় বিশেষায়িত কোর্স চালুর সুপারিশ করেন।

সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার বলেন, ডিআরইউর নিজস্ব কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের ওপর আরও জোর দেওয়া প্রয়োজন।

দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং ডিআরইউ লাইব্রেরি সমৃদ্ধ করার প্রস্তাব দেন।

মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক সদস্যপদ প্রদানের ক্ষেত্রে আরও কঠোর যাচাই-বাছাইয়ের আহ্বান জানান।

বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ সংবাদভিত্তিক কর্মসূচি বাড়ানো এবং মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ জোরদারের কথা বলেন।

এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান সদস্যদের নিয়ে নিয়মিত অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব দেন।

মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে সদস্য চাঁদা পুনর্বিবেচনার সুপারিশ করেন।

ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী বলেন, এআইসহ আধুনিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো প্রয়োজন।

বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল প্রশিক্ষণের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর. মালেক সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন আয়ের উৎস তৈরির পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের দেওয়া প্রতিটি পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ বাস্তবায়নে কাজ করা হবে।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যকল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। এ মতবিনিময় সভায় পাওয়া সুপারিশগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম।

সভা শেষে অংশগ্রহণকারী সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

//ডিবিটেক/ডিএইচই/এমআই//