ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতে ১৫ বছরের অভিজ্ঞতা নিয়ে অ্যাপভিত্তিক পরিবহনসেবার শীর্ষ পদে নতুন নেতৃত্ব; সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করলো উবার
উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
বিশ্বখ্যাত অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবা উবার তাদের বাংলাদেশ কার্যক্রমের নতুন কান্ট্রি হেড হিসেবে এসএম জামশেদ হাসানকে নিয়োগ দিয়েছে। নতুন পদে তিনি বাংলাদেশে উবারের সামগ্রিক ব্যবসা, পরিচালন ব্যবস্থা এবং পরিবহনসেবার মান ও পরিধি সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। ফিনটেক, লজিস্টিকস ও বিমা খাতে ১৫ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে জামশেদের।
অ্যাপভিত্তিক পরিবহনসেবা সংস্থা উবার বাংলাদেশে তাদের নতুন কান্ট্রি হেড হিসেবে এসএম জামশেদ হাসানকে নিয়োগ প্রদান করেছে। নতুন এই পদে তিনি বাংলাদেশে উবারের সার্বিক ব্যবসায়িক কৌশল, প্রশাসনিক কার্যক্রম এবং পরিবহনসেবা সম্প্রসারণের কাজে নেতৃত্ব দেবেন।
জামশেদের বিক্রয়, ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্যিক ব্যবস্থাপনায় ১৫ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে। উবারে যোগদানের পূর্বে তিনি ফিনটেক সংস্থা ওয়েজলি (Wagely) বাংলাদেশে 'ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস অ্যান্ড গ্রোথ' হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ডিএইচএল (DHL), ইউপিএস (UPS) এবং মেটলাইফ (MetLife)-এর মতো শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে করপোরেট বিক্রয়, রাজস্ব বৃদ্ধি ও কৌশলগত অংশীদারত্ব তৈরিতে ভূমিকা রেখেছেন।
নতুন নিয়োগ প্রসঙ্গে উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল মার্কেটস প্রধান আকাঙ্ক্ষা সিং বলেন, "জামশেদকে উবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন খাতে তাঁর কাজের দীর্ঘ অভিজ্ঞতা ও ব্যবসায়িক দূরদর্শিতা বাংলাদেশে উবারের যাত্রাকে আরও বেগবান করবে। যাত্রী, চালক-অংশীদার এবং স্থানীয় কমিউনিটির জন্য নতুন সম্ভাবনা তৈরিতে আমরা তাঁর সাথে কাজ করতে মুখিয়ে আছি।"
নতুন দায়িত্ব গ্রহণ করে এসএম জামশেদ হাসান বলেন, "উবারে যোগ দিয়ে বাংলাদেশে এর কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। গত এক দশকে দেশের যাতায়াত ব্যবস্থায় উবার একটি গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। চালক ও যাত্রীদের প্রয়োজন মিটিয়ে বাংলাদেশে উবারের পরবর্তী ধাপে অবদান রাখতে আমি উন্মুখ।"
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে উবার। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে রাইডশেয়ারিং সুবিধা প্রসারের পাশাপাশি চালকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/আইএইচএম/এসএমই/এমআইএসটি//





