ই-মেইলে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান

ই-মেইলে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান
৩ মার্চ, ২০২৬ ১৪:২৭  

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে অংশগ্রহণমূলক, গণমুখী ও করদাতাবান্ধব করতে বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাগজে’র পাশাপাশি  প্রস্তাবের একটি সফটকপি (NikoshBAN ফন্টে) ই-মেইলে পাঠাতে আহ্বান জানানো হয়েছে। 

প্রস্তাবনাটি প্রতিষ্ঠানের প্যাডে লিখে  ই- মেইলে এনবিআর বরাবর সরাসরি পাঠাতে বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠান বা সংস্থা কোনও চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে বলে জানানো হয়েছে।

৩ মার্চ, মঙ্গলবার এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দফতর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারের রাজস্ব আহরণভিত্তিক বাজেট প্রণয়নে এনবিআর নিয়মিতভাবে করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবীদের মতামত নিয়ে থাকে। এবারও ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে বাজেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ই-মেইল করে সরাসরি এনবিআর-এ পাঠাতে হবে। 
ডিবিটেক/এসএইচ/এমইউএম