নির্বাচন বোর্ড গঠন; তফসিল ঘোষণা

৩১ অক্টোবরে বাক্কো দ্বিবার্ষিক নির্বাচন

  • বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ২০২৬-২০২৮ কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা
  •  ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি পদের বিপরীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে
  • ৩১ আগস্টের মধ্যে বকেয়া পরিশোধ ও ভোটার তালিকাভুক্তির আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্বাচন বোর্ড

৩১ অক্টোবরে বাক্কো দ্বিবার্ষিক নির্বাচন
১৪ আগষ্ট, ২০২৬ ০৮:৫৩  

ঢাকা: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্রমতে, ১৩ আগস্ট, বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের হাইব্রিড পদ্ধতির বৈঠক শেষে সদস্যদের প্রতি তফসিল ই-মেইল করা হয়। সদস্যদের কাছে নির্বাচন পরিচালনা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচনে কার্যনির্বাহী পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং সাধারণ ও সহযোগী পরিচালক পদসহ মোট ১২টি পদে প্রতিনিধি নির্বাচন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন দাখিল এবং সদস্য পদ নবায়নের (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পরিশোধিত) শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট ২০২৬, সোমবার। এরপর ৯ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা নিয়ে আপত্তি শুনানি শেষে ১৬ ও ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

পরবর্তীতে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষ করে ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ৩১ অক্টোবর সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনা করবেন  আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করে গত ২৭ জুলাই গঠিত ৬ সদস্যের বাক্কো নির্বাচন বোর্ড। 

এই বোর্ডের অপর সদস্যরা হলেন টেকপয়েন্ট বিপিও সিইও এস এম মঞ্জুরুল ইসলাম এবং নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক মোঃ হাবিবুল হক। আর আপিল বোর্ডের তিন সদস্যদের মধ্যে রয়েছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইমরাজিনা টেকনোলজিস প্রতিষ্ঠাতা ইমরাজিনা ইসলাম এবং ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ। 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক জানান, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে শূন্য সহনশীলতা প্রদর্শন করা হবে এবং নির্বাচন উপলক্ষে কোনো ধরনের মিছিল, স্লোগান, ডিজিটাল ব্যানার বা রঙিন পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।"

স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকল সদস্য ও প্রার্থীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
//ডিবিটেক/ এসআইএস/এমআইএস//